কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মত রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করবে এবং বেকারদের পাশে দাঁড়াবে তাঁদের সরকার। রাজ্যে পালাবদল ঘটেছে, সরকারের এখন বিজেপি। এবার প্রতিশ্রুতি পূরণের পালা। সরকার গঠনের পর একের পর এক প্রকল্প চালু করে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প চালু করলেন তিনি। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে নামও ঘোষণা করে দিলেন তিনি। পাশাপাশি, কবে থেকে মিলবে এই বেকার ভাতার টাকা, তাও জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
শুধু ভোটের আগে নয়, রাজ্যে পালবদলের পরও শিক্ষিত বেকারদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই ঘোষণায় সীলমোহর দিলেন তিনি। বৃহস্পতিবার ভরসা স্কিম (Bharosa Scheme) চালু করার কথা ঘোষণা করে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ” আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ‘ভরসা স্কিম’। আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই ভরসা স্কিম নিয়ে অনুমোদন দেব। এবং জানুয়ারি মাস থেকে, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েটরা এই স্কিমে আমার যারা বেকার যুবক-যুবতীরা আছে, অন্য কোনও স্কিমে সুযোগ পাচ্ছেন না, তাদের পাশে এই সরকার দাঁড়াবে। তারা যতক্ষণ চাকরি পাবেন না, তাদের পাশে এই সরকার থাকবে।”