রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি-ISF সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। মাধবপুর থানার সামনে হওয়া গন্ডগোল রুখতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ অফিসার-সহ ৪ পুলিশকর্মী। পথচলতি মানুষজনকেও মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় ISF। সংখ্যালঘু হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী নাজমুলের প্রাথমিক চিকিৎসার পর মাধবপুর থানায় অভিযোগ জানাতে আসে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সেখানেই ফের বিজেপি কর্মীদের উপর হামলা চালায় ISF.
ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আক্রান্ত হন বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন নৌশাদ সিদ্দিকির দল। পাল্টা ISF-এর দাবি, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কয়েকজনের নেতৃত্বেই তাঁদের কর্মীদের উপর হামলা হয়। থানায় বিষয়টি জানাতে গেলে ফের হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছে তাঁরা। ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
কী অভিযোগ বিজেপির ?
আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মারধর করা হয়, তার জেরে নাজমুল মোল্লার মাথা ফেটে যায় বলে দাবি বিজেপির।
এরপর আহত কর্মীকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন বিজেপি নেতৃত্ব। সেই সময় ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।
ঘটনা নিয়ে আইএসএফ-এর কী দাবি ?
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা নয়া দাবি আইএসএফ। আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনের নেতৃত্বে আইএসএফ কর্মীদের উপর হঠাৎ হামলা চালানো হয়। সেই বিষয়ে থানায় কথা বলতে গেলে তাঁদের উপর ফের হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন বলে অভিযোগ। তবে, এই ঘটনায় উভয় পক্ষই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।