আবির দত্ত, কলকাতা: বরানগরে তরুণী অঞ্জলি সাউয়ের রহস্য়মৃত্য়ুর ঘটনায় হোয়াটসঅ্য়াপ নম্বর থেকে মেসেজের পর এবার আসল কল। পরিবারের দাবি, মৃতার মায়ের কাছে কলটি আসে। ১৩ সেকেন্ডের ফোন কলে কোনওরকম শব্দ কেউ করেনি বলেই দাবি পরিবারের। অন্য়দিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্য়ে দিল্লি থেকে ধরমবীর নামে একজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ।
বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ
প্রথমে মৃতের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ! এবার, মৃত তরুণীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এল কল! মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলি সাউয়ের অর্ধনগ্ন দেহ। তার এই মৃত্য়ু ঘিরে বাড়ছে রহস্য়। এই ঘটনায় দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে ধরমবীর নামে একজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। এর মধ্য়ে মৃতার নম্বর থেকে আসা মেসেজ ঘিরে তৈরি হয় রহস্য়। মঙ্গলবার দুপুরে নাকি বাবাকে হোয়াটসঅ্য়াপে মেসেজ করেছিল মেয়ে! মৃতার বাবা বলছেন, ‘মঙ্গলবার লিখছে ৩টে ৪৫-এ, পাপা। ৩টে ৪৬-এ লিখেছে, হামকো লে যাও, হাম ফাস গেয়ে হ্য়া বারিশ মে।’ সেই রাতেই উদ্ধার হয় ২৬ বছরের অঞ্জলি সাউয়ের দেহ।
মৃত্যুর পরে তরুণীর ফোন থেকে কল, মেসেজ!
পরিবারের দাবি, দেহ উদ্ধারের সময় থেকেই পাওয়া যাচ্ছে না তরুণীর মোবাইল ফোন। তারপর থেকেই ফোন ঘিরে বাড়ছে রহস্য়। প্রথমে বুধবার সকালে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসে মেসেজ। মৃতার ভাই বলছেন, ‘আমি মেসেজ করেছি। Hi পাঠিয়েছি। তারপরে Hi-কে রিপ্লাই করেছে। আজকে ১০টার মধ্যে। ওই (বোনের) মোবাইল থেকে। মোবাইলটায় Hi বলেছে। আমি বলছি কে? বলেছে কী জানার ইচ্ছা আছে বলুন। আগে বলুন জলদি বলুন। তারপর বলেছে সব বলে দেব আপনাকে। বলছে জিজ্ঞেস করে নাও জলদি না হলে ফোন সুইচ অফ করে দেব। এই বলে আবার বলল একটা কথা আবার বলছি, তোমার আশপাশেই থাকব কিন্তু তুমি খুঁজে পাবে না। এই বলল। লাস্ট বাই বলে ফোন অফ করে দিল।’
এরপর আসে কলও। পরিবারের তরফে দাবি, বুধবার দুপুর ৩টে ৩৫ নাগাদ, মৃতার মায়ের ফোনে তার মেয়ের ব্য়বহার করা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসে একটি কল। ১৩ সেকেন্ডের ওই ফোন কলে কোনওরকম শব্দ কেউ করছিল না। যখন মৃতার মা প্রশ্ন করেন, কেন আমার মেয়েকে মারলে? কী শত্রুতা ছিল? ঠিক সেইসময় সেই কল কেটে দেওয়া হয়। এর মাঝেই বুধবার দুপুরেই অঞ্জলির বাবার ফোনেও আসে মেসেজ। বিভিন্ন জায়গার লোকেশন ইতিমধ্য়ে তদন্তকারীরা পেয়েছেন, কিন্তু সেই লোকেশনে গিয়ে দেখা যাচ্ছে, কোনও অভিযুক্তকেই, একজন বা একাধিক কাউকেই, কোনওরকম খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে কী এইধরনের হোয়াটসঅ্য়াপ কল বা মেসেজের পিছনে চ্য়ালেঞ্জ ছুড়ে দেওয়া!
আতঙ্কে পরিবার
নিহত তরুণীর বাবা বলছেন, ‘মনে হচ্ছে, আমি, আমার পরিবার টার্গেটে আছি। কাউন্সিলর লড়লাম ‘২১-এ। তো এইসব নিয়ে দেখুন আমার পরিবার টার্গেট আছে। থ্রেট আগে আসত।’ এখন প্রশ্ন হচ্ছে যে, পুরনো শত্রুতা থেকেই কি খুন করা হল অঞ্জলিকে? পরিচিত বা পরিবারের কেউ কি এর পিছনে জড়িত? মৃতের ফোন কার কাছে রয়েছে? তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কি এই ধরনের মেসেজ পাঠানো বা কল করা হচ্ছে?পুলিশ ও মৃতের পরিবারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে? সেই অনুযায়ী বারবার লোকেশন বদলানো হচ্ছে? তাতেই কি বারবার পুলিশের নাগালের বাইরে চলে যাচ্ছে অভিযুক্তরা?
ওই তরুণীর সেরকম বন্ধু কেউ ছিল না। কিন্তু মোবাইল ফোনে বিভিন্ন গেম, অনলাইন গেমস, সে খেলত। এই ক্ষেত্রে কি কোনও গ্রুপ তৈরি হয়েছিল? সেই গ্রুপ থেকেই কি কারও সঙ্গে পরিচয় হয়েছিল? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, খুনের আগে বেধড়ক মারধর করা হয় তরুণীকে। মাথার পিছনের আঘাত দেখে প্রাথমিক অনুমান, দেওয়াল জাতীয় কোথাও ধাক্কা লাগে। পিঠের আঘাত থেকে অনুমান, পিছন থেকেও আঘাত করা হয়েছিল। ধস্তাধস্তির কারণেই শরীরে একাধিক আঘাত রয়েছে বলে অনুমান। মুখের মধ্য়েও আঘাত রয়েছে। মৃত্য়ু নিশ্চিত করার জন্য়ই তাঁকে শ্বাসরোধ করা হয়।
দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে ধরমবীর নামে একজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। সূত্রের খবর, CCTV ফুটেজ দেখে এই ধরমবীরকে শনাক্ত করেছিলেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ফোন। পুলিশকে দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করেছিল বলেও জানা গেছে।