ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, সমীরণ পাল, কলকাতা: একসঙ্গে পাবজি গেম খেলতেন। দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কে ছন্দপতনের জেরেই কি বরানগরে তরুণীকে খুন করা হল? দিল্লি থেকে ধৃত ধরমবীরকে জেরার পর প্রাথমিক ভাবে এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন করা হয় বরানগরের তরুণীকে? দিল্লি থেকে ধৃত ধরমবীর কুমারকে জেরা করে উঠে এল একের পর এক নতুন তথ্য। মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলি সাউয়ের দেহ। মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিবারের কাছে একাধিক রহস্য়জনক কল, মেসেজ আসে। মৃত তরুণীর ভাই বলেন, মোবাইলটায় Hi বলেছে। আমি বলছি কে? বলেছে কী জানার ইচ্ছা আছে বলুন। আগে বলুন জলদি বলুন। তারপর বলেছে সব বলে দেব আপনাকে। বলছে জিজ্ঞেস করে নাও জলদি না হলে ফোন সুইচ অফ করে দেব। এই বলে আবার বলল একটা কথা আবার বলছি, তোমার আশপাশেই থাকব কিন্তু তুমি খুঁজে পাবে না। এই বলল। লাস্ট বাই বলে ফোন অফ করে দিল।
বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় ধরমবীর কুমারকে। পুলিশ সূত্রে দাবি, মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন ও মেসেজ করার কথা জেরায় স্বীকার করেছে ধৃত। পুলিশ সূত্রে খবর, অঞ্জলি সাউয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরমবীরের।একসঙ্গে গ্রুপ করে ‘পাবজি গেম’ খেলতেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার অঞ্জলিই ধরমবীরকে বরানগরে জামাইবাবুর ফ্ল্যাটে ডেকেছিলেন।সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুপুর ১টা নাগাদ অঞ্জলি বিল্ডিংয়ে ঢোকেন। পরে ধরমবীরকেও একই বিল্ডিংয়ে ঢুকতে দেখা যায়। এরপর বিকেল চারটে নাগাদ ধরমবীর সেখান থেকে বেরিয়ে গেলেও, অঞ্জলিকে আর বেরোতে দেখা যায়নি।এরপরই বন্ধ ঘর থেকে উদ্ধার হয় তরুণীর অর্ধনগ্ন দেহ।
পুলিশ সূত্রে দাবি, রবিবার কালীপুজোর সন্ধেয় কলকাতায় এসে পৌঁছেছিলেন ধরমবীর। দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে উঠেছিলেন। মঙ্গলবার অঞ্জলির সঙ্গে দেখা করার পর সেখানেই ফিরেছিলেন। গেস্ট হাউসের কর্মী বলেন, ৮ তারিখে এসেছিল, সন্ধেবেলা। সন্ধের টাইমে এসেছিল। তারপর ১০ তারিখ বেরিয়ে গেছে। ১০ তারিখ সন্ধেবেলা বেরিয়ে গেছে। সন্ধেবেলার টাইমে, ৫.৪০ মিনিট। মঙ্গলবারই দক্ষিণেশ্বরের গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, রাত ১.৪০-এ হাওড়া স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেসে ওঠে ধরমবীর।মোগলসরাই স্টেশনে পৌঁছে অঞ্জলি সাউয়ের ফোন সুইচ অফ করে অভিযুক্ত। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। দিল্লির আনন্দবিহার স্টেশনের কাছ থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। খুনের নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণ রয়েছে? ধৃতকে জেরা করে জানতে চাইছে পুলিশ।