পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলা চালায় ৪ দুষ্কৃতী। স্টলে থাকা বই ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। হামালাকারীদের বাধা দিতে এলে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি ও RSS-র কর্মীরা হামলা চালিয়েছে, অভিযোগ সিপিএমের। যদিও হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। প্রসঙ্গত উল্লেখ্য, কালীপুজোর দিনেও একাধিক জায়গায় বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে।
এক SFI কর্মী-সমর্থককে বলতে শোনা গিয়েছে, ‘সুদীপ্ত গুপ্তর জন্মদিন ছিল। তাঁর শহিদ স্মৃতিতে মাল্যদান করে, পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের এই লালমাটির বৈঠকখানা শুরু হয়েছিল। সরকারকে এর জবাব দিতে হবে। সুদীপ্ত গুপ্তর উত্তরসূরী আমরা। তাঁর ছবিতে লাথি মারা হয়েছে। তাঁর যদি লাগে তাহলে গোটা বাঁকুড়াকে, গোটা রাজ্যকে আমরা বুঝিয়ে দেব যে আমরা কী জিনিস। এসে ক্ষমা চাইতে হবে।’
বাঁকুড়া ইস্কুলডাঙা সিপিআইএম জেলা পার্টি অফিসের ঠিক উল্টোদিকে ছিল এসএফআই- এর এই বুক স্টল। সেখানে কালীপুজোর পরের দিন দুপুরে আচমকাই কয়েকজন দুষ্কৃতী এসে ভাঙচুর করে বলে অভিযোগ। চেয়ার ভাঙচুর করে। দুই এসএফআই কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। সিপিআইএম জেলা সম্পাদক দুষ্কৃতীরা ভাঙচুর চালানোর সময় বাধা দিতে যান। সেই সময় তাঁর মোবাইল ভেঙে দেওয়া হয়, তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এসএফআই।