পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : শক্তিশালী নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। জলের তলায় দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। বন্ধ যাতায়াত। আর এর জেরে সমস্যায় পড়েছেন কমপক্ষে ২০টি গ্রামের বাসিন্দা। ভারী বৃষ্টিতেই এবার ভাসলো বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। সেতুর উপর দিয়ে প্রবল বেগে দ্বারকেশ্বর নদের জল বইতে থাকায়, ওই সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে গিয়েছে। ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছেন সুরপানগর, সানতোড়, বালিয়াড়া-সহ কমবেশি ২০টি গ্রামের মানুষ।
সক্রিয় ও শক্তিশালী নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া জেলায়। এর ফলে জলস্তর বেড়েছে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর, শিলাবতী, গন্ধেশ্বরী, কংসাবতী-সহ সব নদীতেই। আর এইসব নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তলায় চলে গিয়েছে দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। এখন সেতুর উপর ৭ থেকে ৮ ফুট উচ্চতায় দিয়ে বয়ে যাচ্ছে জল। এর ফলে নদের অন্য পাড়ে থাকা সানতোড়, বালিয়াড়া-সহ প্রায় ২০ টি গ্রামের বাসিন্দাদের বাঁকুড়া শহরে যাতায়াত করতে এখন পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ। ঘুরপথে গন্তব্যে যেতে লাগছে বেশি সময়ও। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়েই উল্লিখিত গ্রামগুলির মানুষ বাঁকুড়া শহরের উপর নির্ভরশীল। টানা বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং তার জেরে ভাদুল সেতু জলের তলায় চলে যাওয়ায়, বর্তমানে ঘুরপথে বাঁকুড়া শহরে পৌঁছতে রীতিমত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?
আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া – এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।