কলকাতা : অগাস্ট মাসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। এরপরই অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা মাতৃ মণ্ডলী’র সঙ্গে মত বিনিময় করলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দিলেন, এই মাসে ২০ তারিখের মধ্যে কারা এই যোজনার টাকা পাবেন, না পেলেই বা কী করবেন। সেই সঙ্গে তিনি মা-বোনেদের কাছে আবেদন রাখলেন, সকলে নতুন সরকারেরউপর ভরসা রাখেন।
মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে ‘মা অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে। এর জন্য একটি ফর্ম বিতরণ করা হয়েছিল। ফর্মটি অনেক পাতার হলেও কার্যত মাত্র ২–৩টি পাতা পূরণ করার প্রয়োজন ছিল । মুখ্যমন্ত্রী বলেন, জুন ও ৩১ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ ফর্ম জমা পড়েছে। উত্তর কলকাতায় ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ফর্মগুলির মধ্যে যাচাই-বাছাই করা হয়েছে। তার মধ্যে ৭ টি বিধানসভা কেন্দ্রে ৭৬,৮১৭ জন মহিলাকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে অর্থ প্রদান শুরু হয়েছে।
এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, ২০ তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটি পোর্টাল চালু হবে বলে তিনি জানান। কেউ যদি মনে করেন কোনও অনুপযুক্ত ব্যক্তি অর্থ পেয়েছেন, তাহলে আপত্তি জানাতে পারবেন। কোনও যোগ্য আবেদনকারী টাকা না পেলে তিনিও অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তর যাচাই করে নিষ্পত্তি করবে।
প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং এর জন্য কাউকে কোথাও যেতে হবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও প্রযুক্তিগত সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বের সহযোগিতা নেওয়া যেতে পারে। পাশাপাশি উত্তর কলকাতার সাতটি ওয়ার্ডে মহিলাদের নিয়ে একটি সংগঠিত গোষ্ঠী তৈরি করার আহ্বান জানান, যাতে মহিলাদের অধিকার রক্ষা এবং তাঁদের উপর অত্যাচার বা অবিচারের বিরুদ্ধে তাঁরা পাশে দাঁড়াতে পারেন। প্রকৃত যোগ্য মহিলারা যাতে সঠিক সময়ে অর্থ পান, সেটাই সরকারের লক্ষ্য। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী একটি আবেদন রাখেন। বলেন, যাঁদের আর্থিকভাবে এই অর্থের প্রয়োজন নেই, তাঁদের সেই সুবিধা ছেড়ে দিয়ে অন্য কোনও প্রয়োজনী মহিলাকে সুযোগ করে দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আর যাঁদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি , লক্ষপতি, অর্থশালী, আমি আশা করব তারা, যাদের প্রয়োজন নেই তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান, তার সুযোগ তাঁরা করে দেবেন। এতটাই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব।’