কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গত ১৭ অগস্ট থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত কোনও অভিযোগ জানানোর থাকলে, তার জন্য আলাদা জায়গা থাকবে পোর্টালে। আর সেই প্রতিশ্রুতি মতই অন্নপূর্ণা যোজনার পোর্টালে ‘অবজেকশন ও ক্লেম’ বলে একটি অপশন রয়েছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, “ভেরিফিকেশনে যাঁরা যোগ্য, তাঁদের টাকা ১৭ তারিখ থেকে দেওয়া হবে। এর পরও একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।”
কিন্তু কীভাবে কারও বিরুদ্ধে অভিযোগ জানাবেন? সিটিজেন পোর্টালে লগইন করলেই একটা অপশন দেখা যাবে, ‘অবজেকশন ও ক্লেম’। সেখানে ঢুকলে দুটো আলাদা আলাদা অপশন দেখা যাবে। একটি ‘ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট’ দ্বিতীয়টি ‘অবজেকশন এগেইনস্ট সামওয়ান’। অন্য কারও বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বিতীয় অপশনটি বেছে নিতে হবে আপনাকে। তারপর সেখানে যিনি আপত্তি করছেন, তাঁর নাম, তাঁর বাবার নাম, তাঁর জেলা, গ্রাম নাকি শহরাঞ্চল, কোন ব্লক বা পুরসভা বা পুর নিগম ও গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর লিখতে হবে।
এর নীচে জায়গা রয়েছে যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর আবেদনের নম্বর। তারপর সার্চ করতে হবে। এর পর রয়েছে কোন কারণে আপত্তি। সেখানে ৪ টে অপশনও রয়েছে। প্রথম, আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। দ্বিতীয়, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে নয়। তৃতীয়, আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকার, যে কোনও সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা স্থানীয় সংস্থা, কিংবা রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধীনে শিক্ষক/অ-শিক্ষক পদে কোনো স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত আছেন এবং নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। চতুর্থ, আবেদনকারী আয়কর দিয়ে থাকেন। এর মধ্যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে।
তার নীচে রয়েছে কোনও মন্তব্য করার জায়গা। এরও পরে রয়েছে এই আপত্তির পরিপ্রেক্ষিতে কোনও ডকুমেন্ট আপলোড করার অপশনও। তারপর এই আবেদন সাবমিট করে দেওয়া যাবে।