কলকাতা: ‘এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, যেখানে ছাত্র আন্দোলন সারা দেশ কাঁপিয়ে দিচ্ছে। দিল্লির জমিদাররাও কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছে…’, ঠিক এই বলেই ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখী বন্ধন উৎসব উদ্‌যাপনের মঞ্চ থেকে বিজেপিকে (BJP) আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ক্যাথিড্রাল রোডের মঞ্চে অভিষেক উঠেই বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস। আজকের দিন রাখী পূর্ণিমার উৎসব ভারতবর্ষ জুড়ে পালন করা হচ্ছে। আমি এই দিনে শুভেচ্ছা, ভালবাসা অভিনন্দন সকলকে জানাচ্ছি।’ এরপরই তিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ‘এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, যেখানে ছাত্র আন্দোলন সারা দেশ কাঁপিয়ে দিচ্ছে। দিল্লির জমিদাররাও কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছে। চুরি করে ভোটে জিতে যারা ক্ষমতায় এসেছিল, বাংলার অভিশাপ কী দেখেছেন! ৪ তারিখ বাংলার ফল বেরিয়েছে, আর ১৫ তারিখ ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে।’

বিজেপির উদ্দেশে অভিষেক আরও বলেন, ‘বুকের পাটা থাকলে আগে ছাত্র যুবর সঙ্গে লড়ে দেখাও।’ তাঁর কথায়,’বাংলার অভিশাপ, যারা বাংলায় গদি দখল করতে এসেছিল, ছাত্র যুব আন্দোলনে তাদের গদি টলমল টলমল করছে। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চুরি করে ভোটে জিতেছে, এই লড়াই বাংলার প্রত্যেক বুথ থেকে গণতান্ত্রিকভাবে উৎখাত করার লড়াই। আমি বিজেপিকে বলব, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা দূরের কথা, বুকের পাটা থাকলে আগে ছাত্র যুবর সঙ্গে লড়ে দেখাও।’ 

পুরো ক্ষমতা কাজে লাগিয়েও তৃণমূলকে যে থামানো যাবে না, এ কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতদিন না আমার মৃতদেহ দেখবেন, আর মৃতদেহের উপর জোড়াফুলের পতাকা দেখবেন, কোনও কথা বিশ্বাস করবেন না। এদের যা জেদ, আমার তার ১০ গুণ জেদ। যব তক ম্যায় মরা নেই, তব তক ম্যায় হারা নেহি। লড়াই তো হবে, কত ধানে কত চাল বোঝাব। তোমার ইডি, তোমার সিবিআই, তোমার কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, সিআইডি সবাইকে লাগাও, যত ক্ষমতা আছে প্রয়োগ কর, তাও জয় বাংলা, জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরবে। মাথা নত হবে না।’

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেকের মুখে উঠে এল, তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড ও সাইনবোর্ড খোলার প্রসঙ্গ। তাতে তিনি বলেন, ‘গতকাল অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিলবোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল। তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *