কলকাতা: আদালতে বিজেপি-র বিচারক কে, কে-ই বা তৃণমূলের বিচারক, তার তালিকা চাওয়া হল মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের আইনজীবীকে প্রশ্ন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের। বিচারব্যবস্থাকে আক্রমণ করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে আদালতে গিয়েছে রাজ্য। আদালত অবমাননায় ফৌজদারি মামলার দাবি জানিয়েছে। সেই নিয়েই শুনানি চলাকালীন অভিষেকের কাছ থেকে তালিকা চাওয়া হল। (Abhishek Banerjee)
অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি রাও। বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীর কাছে তালিকা চান তিনি। বলেন, “কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন অভিষেক। কোন কোন বিচারক তৃণমূলের, তারও তালিকা দিন। একজন সাধারণ মানুষ হলে আলাদা, কিন্তু তিনি তো সেটা নন। আপনার সমস্যা আছে, এখানে সমাধান না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে, অবকাশকালীন বেঞ্চও ছিল।” (Calcutta High Court)
নিরাপত্তা নিয়ে এর আগে অভিষেককে বলতে শোনা যায়, “পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, আদালতে মামলা করেছি, সেখানেও চাপ আছে বলে মনে হয়। আমার নিরাপত্তা সংক্রান্ত মামলা যাতে না হয়, তারও চেষ্টা চলছে। বিজেপির তাণ্ডব চলছে, কারণ বিচারব্যবস্থার কাছে মামলা পড়ে আছে। কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আদানি মামলা করলে একদিনে হয়ে যাচ্ছে। আমার মামলায় তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। এটা কী ধরনের জুডিশিয়ারি?”
অভিষেকের ওই মন্তব্যকে হাতিয়ার করে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাজ্য সরকার। তারা জানায়, রাজনৈতিক লড়াই চলতে পারে। কিন্তু বিচারব্যবস্থাকে টানা উচিত নয়। অভিষেকের ফেসবুক পোস্টের কিছু অংশও তুলে ধরে তারা। এর পরই অভিষেকের আইনজীবীর কাছ থেকে তালিকা চান বিচারপতি রাও।