কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি মামলার পর এবার সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ আদালতের। সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া তিনটে FIR নিয়ে নির্দেশ আদালতের।
জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন উক্ত তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে। সব কয়টি মামলায় রক্ষাকবচ ও সার্বিক পটেকশন চেয়ে মামলা দায়ের করেন তিনি। তবে সার্বিক রক্ষাকবচ না মিললেও, এখনও পর্যন্ত ৮টি মামলায় রক্ষাকবচ পেলেন তিনি।
বিধায়কদের সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সই জালিয়াতির মামলায় কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপরাধের মধ্যে আসছেন, সেই প্রশ্নও তুলেছিলেন বিচারপতি।
এর আগে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। বিচারপতি বলেন, পুলিশের হাত বাঁধা নেই। তারা তদন্ত করে দেখুক কার নির্দেশে সই জাল করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কীভাবে সই জালিয়াতির অভিযোগ এল? অন্য ধারা কার্যকর হয় কিনা, সেটাও পুলিশকে দেখতে বলেন তিনি। বিচারপতি বলেন, ফিরহাদ হাকিম তার বয়ানে কী বলেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সবাইকে একসঙ্গে চলতে হবে। এটা থেকে কীভাবে জালিয়াতির অভিযোগ আসে? দু’পক্ষের সওয়াল জবাব শুনে সেই সময়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেন বিচারপতি কৌশিক চন্দ। নভেম্বর মাসেই মামলার পরবর্তী শুনানি হবে।