
কলকাতা: নিম্নচাপের জের, কলকাতায় সকাল থেকে বৃষ্টি শুরু। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি বিভিন্ন জেলাতে। প্রবল বৃষ্টির জেরে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি জেলার বহু এলাকায়। কলকাতা সহ আশেপাশের এলাকা জলের তলায়।

দক্ষিণবঙ্গে দফায় দফায় প্রবল বৃষ্টির মধ্যেই জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজে। এই অতি বৃষ্টির কারণে জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ে তবে দক্ষিণের জেলাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।

প্রবল বৃষ্টিতে বোলপুর পুরসভার ৪টি ওয়ার্ড জলের তলায়। প্রায় হাজারের বেশি মানুষ গৃহবন্দি। একাধিক বাড়িতে ঢুকে গেছে জল। জলবন্দি অবস্থাতেই বসবাস করতে হচ্ছে স্থানীয়দের।

বাঁকুড়ার ২ নম্বর ব্লকের দ্বারকেশ্বর নদের উপরে থাকা ভাদুল সেতু জলের তলায়। টানা বৃষ্টির জেরে সেতুর উপর থেকে বইছে জল। সমস্য়ায় ২০টি গ্রামের বাসিন্দা।

বাঁকুড়ার মেজিয়ার মাতাবেল সেতু নদীতে জল বাড়ায় বন্ধ। ফলে ছাতনা যাবার প্রধান রাজ্য সড়কে যাতায়াত বন্ধ। ১০ কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে যাত্রীদের।

কলকাতায় প্রবল বৃষ্টির কারণে, হাসপাতাল রোড, পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি, পার্ক স্ট্রিট সহ কলকাতার বহু জায়গা জলে ডুবে রয়েছে। পাশাপাশি, হাওড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন।

নিম্নচাপের জেরে কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বহু জায়গা জলের তলায়। বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের জেরে এই প্রবল বৃষ্টি অশঙ্ক।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় আরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সর্তকতা জারি। যেমন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টা দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম। আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Published at : 02 Sep 2026 04:55 PM (IST)