কলকাতা : উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় তিনশো কোটি টাকার উন্নয়ন ও পরিষেবার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। জি রামজি জব কার্ডের অধীনে ১২৫ দিন কাজের সূচনা করা হল। প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ হাজার টাকা করে ট্রান্সফার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী জানালেন, অন্নপূর্ণা যোজনায় নন্দীগ্রামে ৬৭ হাজার মানুষকে ৩০০০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখন আরও ৫ হাজারের আবেদন যাচাইয়ের মধ্যে রয়েছে। তাঁরাও পেয়ে যাবেন।
অগাস্ট মাসের মাঝামাঝিও অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের কারচুপির কারণেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম তৈরি করতে হয়েছে বিজেপি সরকারকে। মাত্র ৩ মাসের সরকারের বিপুল কর্মযজ্ঞে ভুল থাকলে সংশোধন করব।
মুখ্যমন্ত্রী জানান, ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার। ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে শুরু হয়েছে টাকা পাঠানোর প্রক্রিয়া। প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরে মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার কথা।
হালে অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, বেছে বেছে দেওয়া হচ্ছে। প্রতারণা করছে বিজেপি। পাল্টা সংখ্য়া তুলে ধরে শুভেন্দু অধিকারীর দাবি করেন, এখনও অবধি ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। বাকি যোগ্যরাও ধীরে ধীরে পেয়ে যাবেন প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়ে দেন পরিসংখ্যান। বলেন, এখনও অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্য়াকাউন্টে। এর মধ্য়ে মুসলিম সুবিধাভোগী আছে ১৯ লক্ষ ২০ হাজার। এবার কতজনের অ্যাকাউন্টে পৌঁছবে টাকা , সেটাই দেখার।
এদিন মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন আয়ুষ্মান ভারত নিয়েও। আয়ুষ্মানের আওতার বাইরে থাকলে তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা সবাই পেয়ে গিয়েছেন, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁরাও পেয়েছেন। “আড়াই লক্ষ আয়ুষ্মান ভারত-এর কার্ড পেয়েছেন”।
আর কী কী ঘোষণা করলেন নন্দীগ্রাম থেকে , দেখে নিন।