নয়াদিল্লি: দেশে ফিরতে চেয়ে বার্তা দিয়েছেন আগেই। এবার বাংলাদেশের বর্তমান সরকারকে বার্তা দিলেন শেখ হাসিনা। ১৯৭১ সালে স্বাধীনতাপ্রাপ্তির প্রসঙ্গ টানলেন তিনি। তাঁর অভিযোগ, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিশানা করা হচ্ছে। হেফাজতে মৃত্যু হচ্ছে তাঁদের, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। হাসিনা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের জন্যই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। নইলে “পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো।” (Sheikh Hasina)
আওয়ামি লিগের ৯৮তম ভার্চুয়াল ‘দায়মুক্তি’ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তাঁর অভিযোগ, হেফাজতে বন্দিদের উপর অত্যাচার চলছে। চিকিৎসা পর্যন্ত হচ্ছে না তাঁদের। কিছু ক্ষেত্রে হেফাজতেই মারা যাচ্ছেন অনেকে। তাঁদের পরিবারকে খবর পর্যন্ত দেওয়া হচ্ছে না। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, Zoom কলে বাংলাদেশ সরকারের সমালোচনা করেন হাসিনা। ওই অনুষ্ঠানে আওয়ামি লিগের কর্মীদের আত্মীয়স্বজন থেকে অন্য মৃতদের পরিবারের লোকজনও যোগ দেন। (Bangladesh News)
ওই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় হাসিনা বলেন, “দায়মুক্তির এই যুগে দাঁড়িয়ে…শহিদদের সঙ্গে ঘটা ঘটনা শুনলাম। অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে পরিবারগুলি। এই মৃত্যুগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বন্দি অবস্থায় খুন হওয়ার আগে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। নৃশংস অত্যাচার, নিপীড়ন চলেছে তাঁদের উপর।”
রাজনৈতিক ভাবে অস্থির হয়ে ওঠা বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কালের তুলনা টানেন হাসিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে, মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে খাটো করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, “দেশ স্বাধীন না হলে আজ কাউকে প্রধানমন্ত্রী হতেই হতো না। পাকিস্তানি সেনার বুট সহ্য করতে হতো।” জেলবন্দিদের কেন চিকিৎসা হচ্ছে না, কেন তাঁদের উপর অত্যাচার চলছে, প্রশ্ন তোলেন তিনি। ঢাকা, রামপুরের সাম্প্রতিক ঘটনাবলীর উল্লেখও করেন।
আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, ‘উপায় নেই’
হাসিনা দেশে ফেরার কথা জানানোর পর থেকেই নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে। আওয়ামি লিগের তরফে গোটা দেশে দু’দিনের লকডাউন ঘোষণা করা হয়। রাস্তা অবরোধ করার পাশাপাশি, অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধাকেও খুন করা হয়েছে বলেও সরব হন হাসিনা। বলেন, “মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে তাঁর দেহ ঝুলিয়ে দেয়। এর চেয়ে জঘন্য অপরাধ আর কী হতে পারে? মুক্তিযোগ্ধা শেখ হোসেন আলিকে হত্যা করা হয়েছে। একেবারে পরিকল্পিত ভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে একে একে। স্বাধীনতার সমস্ত চিহ্ন ধ্বংস করে দিচ্ছে। অথচ মুক্তিযোদ্ধারা না থাকলে স্বাধীন হতো না দেশ।”
বাবার কথাও এদিন উল্লেখ করেন হাসিনা। তাঁর দাবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছে যেত, দেশের মানুষকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো না। ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চান বলে আগেই জানিয়েছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশের তরফে এখনও পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করা হয়নি তাঁকে।