নয়াদিল্লি: হাসিনার ফেরার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই, আগেই উত্তাল বাংলাদেশ, অশান্তির মাঝেই এবার গ্রেফতার করে নেওয়া হল শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩ জনকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হাসিনার প্রাক্তন প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াতকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বাকি দুইজন হলে, প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদ।
মূলত সম্প্রতি মুজিব কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় চরম অশান্তি। জ্বলে ওঠে হিংসার আগুন। ফের উত্তাল হয় বাংলাদেশ। ঠিক এহেন পরিস্থিতির মাঝেই, ঢাকার ধানমুন্ডি এলাকা থেকে শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াত, ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। আদালতে পেশ করার জন্য এই মুহূর্তে প্রস্তুতি চলছে।
ভাঙচুর করে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। গ্রামীণ ব্যাঙ্কে লুঠপাট চলে ,জ্বলে আগুন। বাসের মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে চালক ও হেল্পারের মৃত্যু হয়। আগুন লাগিয়ে দেওয়া হল আওয়ামি লিগ ও বিএনপি-র প্রাক্তন সাংসদ, নেতাদের বাড়িতে। বছর ঘুরতে না ঘুরতে পদ্মাপারে ফের অশান্তি। শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই নতুন করে জ্বলছে বাংলাদেশ। ডিসেম্বরেই বাংলাদেশ ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন শেখ হাসিনা৷ এই আবহে অশান্তি ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগের সভানেত্রী শেষ হাসিনার জন্মভিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি থানায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা চরমে ওঠে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার বিকেলে আওয়ামি লিগের একাধিক কর্মীকে গ্রেফতারের পরেই ওই ঘটনা ঘটে। গ্রেফতারির প্রতিবাদে আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।এরপরেই থানায় ও পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।কয়েকটি বিস্ফোরণও ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ।