পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বাসন্তীতে নাবালিকাকে অপহরণ করে খুনে ঘটনায় দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত। দোষী সাব্যস্ত ৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে আদালতের তরফে। ২০২৫ সালের মামলায় সাজা ঘোষণা করেছে আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এখানেই নৃশংসতার শেষ নয়। নাবালিকাকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল দেহ। ১২ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছিল ১৪ বছরের কিশোরীর দেহ। ২০২৫ সালে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনায় জড়িত থাকা দোষীদের এবার যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত।
‘বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব’, হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
বাসন্তীতে গত বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতে জানুয়ারি মাসে একটি নৃশংস খুনের ঘটনা ঘটেছিল। এক নাবালিকাকে অপহরণের করে খুনের অভিযোগ সামনে আসে। সেই মামলায় ১ বছর পর দোষীদের যাবজ্জীবনের সাজা দিয়েছে আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। গত বছর জানুয়ারি মাসে এই ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তাল হয়েছিল বাসন্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবক প্রথমে নাবালিকাকে অপহরণ করেছিল। তারপর তাকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। ১২ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয় নাবালিকার দেহ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলা বিচারাধীন ছিল। অবশেষে চূড়ান্ত পর্যায়ের শুনানিতে ৩ অভিযুক্তকে খুন, অপহরণ, তথ্য প্রমাণ লোপাট – এইসব ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা দিয়েছেন বিচারক।
বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছে, তিন দোষীর মধ্যে মূল দোষী হলেন বুদ্ধদেব সর্দার নামে ২২ বছরের এক যুবক। নাবালিকার গলায় ব্লেড চালিয়েছিল সে। নিখুঁতভাবে গলায় ব্লেড যাতে চালানো যায়, তার জন্য কলাগাছের উপর অসংখ্যবার প্র্যাকটিসও করেছিল ওই যুবক। তদন্তে উঠে আসে এই তথ্য। আইনজীবী আরও জানিয়েছেন যে, এই বুদ্ধদেবই বাকি ২ জনকে সঙ্গে নিয়ে ওই জঘন্যতম অপরাধ করেছিল। ১৪ বছরের নাবালিকাকে শুধু অপহরণ বা খুন করা নয়, তারপর প্রমাণ লোপাটের জন্য জমিতে দেহ পুঁতে দেওয়া এবং অভিনয় করা যে বাচ্চা মেয়েটিকে সেও অন্যান্যদের মতোই খুঁজছে – এইসবই ছিল বুদ্ধদেব সর্দারের মস্তিষ্কপ্রসূত। অবশেষে বুদ্ধদেব সর্দার এবং তার আরও ২ সঙ্গীকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন আলিপুর আদালতের বিচারক।