কলকাতা: চলতি নাম ‘গুন্ডাট্যাক্স’। আসলে তোলা। আর সেই টাকা না দেওয়ায় একবালপুরের ব্যবসায়ীর উপর হামলা। অভিযোগ ওই ব্যবসায়ীর থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। ফোন করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী মারধর, হুমকি ফোন করার অভিযোগ করেছেন থানায়।
একবালপুর থানার অন্তর্গত ভূকৈলাশ রোডে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ‘গুন্ডা ট্যাক্স’ -এর নামে। আর সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। কয়েকদিন আগে এই ঘটনার সূত্রপাত হয়। জানা গিয়েছে, ভূকৈলাশ রোডে মহম্মদ শফিক নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ থেকে ৩ জনের একটি দল ৫ লক্ষ টাকা চায়।
আরও জানা গিয়েছে, মহম্মদ শফিক ওই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তারপর একদিন মহম্মদ শফিককে রাস্তায় ৩-৪ জন ঘিরে ফেলে। যে সব ব্যক্তি ‘গুন্ডা ট্যাক্স’ -এর নামে এই টাকা চেয়েছিল, তারাই ঘিরে ফেলে। অভিযোগ সেখানে তাঁকে মারধর করা হয় ও তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুন: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যবসায়ী অভিযুক্তদের আগে থেকেই চিনতেন। এ ছাড়াও পুলিশ সূত্রে খবর, মহম্মদ শফিক লিখিত অভিযোগ করেছেন যে ‘গুন্ডা ট্যাক্স’ -এর নাম করেই তাঁর থেকে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।
এর আগে গত ২৫ অক্টোবর তোলাবাজি নিয়ে কড়া বার্তা দয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সিন্ডিকেট রাজ, দাদাগিরি, কাটমানি, তোলাবাজি, পুলিশের অপব্যবহার, ছোট ব্যবসায়ীদের চাঁদা বা হপ্তার নামে জুলুম, জায়গা দখল করা; গত ১৫ বছরে এই যে নোংরা, আবর্জনা করে রেখেছে, এই আবর্জনা যাতে আমরা পরিষ্কার করতে পারি। আমাদের সবে সকাল, মাত্র ৬ মাস হয়েছে। প্রত্যেকটি ছোট ব্যবসায়ী, আপনারা যদি কোনও কারণে অত্যাচারিত হন, কেউ চোখ দেখায়, ধমক দেয়, আপনারা সরাসরি থানায় যাবেন। দাদাগিরি করবেন তো শাহজাহান ও জাহাঙ্গিরের মতো জেলে যেতে হবে।