কলকাতা: এতদিন রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEB) এলাকায় প্রত্যেক গ্রাহকের কাছে তিন মাস অন্তর বিল আসে। শুধুমাত্র সিইএসসি (CESC) এলাকায় গ্রাহকরা বিদ্যুতের বিল মেটান প্রতি মাসে। কিন্তু এবার থেকে এই বিদ্যুতের বিল মেটানোর নিয়মেও বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও গ্রাহকদের প্রতি মাসে মেটাতে হবে বিদ্যুতের বিল। 

সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকেই রাজ্যের নাগরিকদের জন্য একাধিক প্রকল্প ও সরকারের পরিকল্পনা প্রসঙ্গে জানান। পাশাপাশি, সরকারি বিদ্যুৎ নিগমের গ্রাহকদের জন্যও বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে আর ত্রৈমাসিক নয়, প্রতি মাসেই মেটাতে হবে বিদ্যুতের বিল। আর এই নিয়ম চালু হবে জানুয়ারি থেকে। অর্থাৎ তিন মাসের পরিবর্তে গ্রহকদের প্রতি মাসে মাসে বিল পে করতে হবে। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিন মাসের বদলে প্রতি মাসে বিল পেতে দীর্ঘ দিন ধরেই গ্রাহকদের একটা বড় অংশ দাবি জানিয়েছিলেন। কিন্তু এতগুলো বছর অতিবাহিত হলেও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি। সরকার পরিবর্তনের পর গত জুলাই মাসে বিধানসভা থেকে এই বিষয় নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই প্রতিশ্রুতি মত, গ্রাহকদের কথা মাথায় রেখে এ বার সেটাই করল রাজ্যের বিজেপি সরকার। তিনি বলেন, ”রাজ্যে আগে উদ্বৃত্ত হত বিদ্যুৎ, গত ৬ মাসে বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। রাজ্যকে এখন আগের থেকে বেশি বিদ্যুৎ কিনতে হচ্ছে। 

আরও পড়ুন – গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, ‘পরিষ্কার কথা শুনে রাখুন…’, কী বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত উল্লেখ্য, এই তিন মাস অন্তর বিল মেটানোর ব্যবস্থা সেই বাম আমল থেকেই চালু ছিল। ২০১১ সালে বাম জমানার পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার গঠন করে। সেই সময় থেকেই ৩ মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল নিয়ে বারংবার আলোচনা হয়। কিন্তু  কোনও সুরাহা হয়নি। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার ঠিক সাত মাসের মধ্যেই গ্রাহকদের দীর্ঘদিনের এই দাবিকে মান্যতা দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন যে, ১০ হাজার ১৪৬ পদে নিয়োগ করা হবে। সরকারের টার্গেট ১ লক্ষ নিয়োগের। সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না বলেও জানান তিনি। রাজ্য সরকার পরীক্ষার সমস্ত খরচ বহন করবে। তিনি বলেন, ‘চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়’। অন্যদিকে, যুব কল্যাণ দফতরের ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেব সরকার। যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের ভরসা কর্মসূচিতে দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা করে। জানুয়ারি মাস থেকে আবেদন শুরু হবে, ফেব্রুয়ারি থেকে টাকা মিলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *