হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্রর শারীরিক অবস্থার সামান্য উন্নতি । চিকিৎসায় সাড়া দিচ্ছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক, খবর হাসপাতাল সূত্রে । কথা বলারও চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক, খবর হাসপাতাল সূত্রে । শরীরে বিষক্রিয়ার জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রেখা পাত্রকে।
শনিবার রাতে খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। স্থানীয় ২টি হাসপাতালে ঘুরে অবস্থার অবনতি হলে রেখা পাত্রকে কলকাতার আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। কীভাবে খাবারে বিষক্রিয়া, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে বলে জানান শারদ্বত মুখোপাধ্য়ায়।
পরিবার সূত্রে খবর, রাত প্রায় ১০টা নাগাদ হিঙ্গলগঞ্জে তাঁর বাড়িতে আচমকা শারীরিক সমস্যা দেখা দেয়। প্রথমে তাঁকে স্থানীয় হিঙ্গলগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গভীর রাতে কলকাতার আর এন টেগোর হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতালের মেডিকো-লিগাল নথিতে রোগীর শারীরিক অবস্থার বেশ কিছু উদ্বেগজনক লক্ষণের উল্লেখ রয়েছে। হাসপাতালে পৌঁছনোর পর দেখা যায়, তাঁর শ্বাসনালিতে সমস্যা হচ্ছে। হৃদস্পন্দনও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। বারবার ঝিমিয়ে পড়া এবং আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায়। এমনকী, একটা সময়ে চিকিৎসকদের সাড়াও দিচ্ছিলেন না বলে নথিতে উল্লেখ রয়েছে।
রবিবার হাসপাতালে গিয়ে রেখা পাত্রের শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য দাবি করেন, খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক।
কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, “গতকাল(শনিবার) রাত্রিবেলা মাননীয় শ্রীমতি বিধায়িকা রেখা পাত্র মহাশয়া, খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হন। আমাদের আশঙ্কা, ফুড পয়জনিং হয়েছিল। বাড়ির লোকজন চটজলদি ওঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হেল্থ সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার পরবর্তীকালে, ওঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও প্রাথমিক চিকিৎসা দেয়। মাননীয় বিধায়িকা আগের থেকে বেটার আছেন, আগের থেকে ভাল আছেন। একটু সময় লাগবে।”
তবে বিষক্রিয়ার সম্ভাবনা সামনে আসতেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কীভাবে এই ঘটনা ঘটল, এর পিছনে কোনও অন্য কারণ রয়েছে কি না, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে বিরোধী শিবির থেকে।
তদন্তের দাবি বিরোধীদের,কী বলছে বিজেপি?
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে বলে জানিয়েছেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “সোশাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন ধরনের চর্চা দেখেছি, উদ্বেগজনক কিছু মন্তব্য বা খবর এই সমস্ত চলছে সোশাল মিডিয়ায়। আদৌ কতটা সত্যতা আছে, হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হোক। কোথাও যেন কোনও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না হয়। আগে দরকার তাঁর(রেখা পাত্র) দ্রুত আরোগ্য।”
একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। তাঁর কথায়, “তদন্ত হোক। যে কেন হল, কোথা থেকে বিষক্রিয়া হল,কীভাবে হল, অন্য কোনও মোটিভ রয়েছে, আমি চাইব উনি(রেখা পাত্র) তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।”
বিরোধীদের তরফে তদন্তের দাবি ওঠার পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ঘটনার তদন্ত করবে পুলিশ। তাঁর বক্তব্য, “পুলিশ তদন্ত করে দেখবে। কেউ যদি অপরাধী হয়, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। চিন্তার কোনও কারণ নেই। তাঁকে দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে।”
অন্যদিকে, রেখা পাত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওঁর(রেখা পাত্র) দ্রুত আরোগ্য আমরা কামনা করি, উনি তাড়াতাড়ি সেরে উঠুক, এটাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা।” আপাতত বিজেপি বিধায়কের শারীরিক অবস্থার দিকে নজর চিকিৎসকদের। তাঁকে সুস্থ করে তুলতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।