কলকাতা: ২০০৬ সাল, বুদ্ধদেব ভট্টাচার্যে আমলে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির কারখানা তৈরির বীজ বোনা হয়েছিল সিঙ্গুরে। কিন্তু, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু করেন অনিচ্ছুক কৃষকরা। ২০০৮-এর ৬ই সেপ্টেম্বর রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি। তার ১ মাস পর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। ক্যালন্ডারের পাতা উল্টে চলে গেছে আঠেরোটা বছর। কিন্তু শিল্পের শিকে ছেঁড়েনি সিঙ্গুরের কপালে। এবার আশার আলো দেখাচ্ছে বিজেপি সরকার। এই সিঙ্গুরের মাটিতে ফের হবে শিল্প, রবিবার এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সিঙ্গুরে ফের শিল্পের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সিঙ্গুরে কিছু না কিছু হবেই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “আমরা বামেদের মতো বন্দুক ঠেকিয়ে, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে জমি নেওয়ার বিরোধী। তৃণমূল আমলের মতো বলব না, জমি জোগাড় করে নিন। আমরা শিল্পের জন্য জমি কিনছি, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হচ্ছে। জমি কেনার জন্য় সিঙ্গুরেও আমরা কথাবার্তা বলছি। আমাদের কাছে প্রস্তাব আছে, আমরা জমি কিনছি। এই জমি কিনে কাকে দেব কিনা, দেখতেই পাবেন। ওখানকার কৃষকরা ওই জমিতে চাষ করতে পারছেন না। মাছ চাষের চেষ্টা করেছেন, কিন্তু সেটাও হয়নি। সিঙ্গুরের কৃষকরা জমির জন্য ২ বার ক্ষতিপূরণ পেয়েছেন। আমরা একটা ন্যায্য দামে জমি কিনতে চাইছি। এটা নিয়ে হুগলির জেলাশাসক কাজ করছেন”। 

প্রসঙ্গত, শনিবার শিল্প নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানান, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা বানাবে অশোক লেল্য়ান্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে এখন এমন একটি সরকার তৈরি হয়েছে যে সরকার শিল্পকে আনতে চায়। কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন, আগেও জানিয়েছেন আপনাদেরকে যে অশোক লেল্য়ান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই দিকে যাচ্ছি।” এবার মুখ্যমন্ত্রীও সিঙ্গুর নিয়ে সেই এক বার্তা দিলেন।  

বিধানসভা ভোটের আগে, সিঙ্গুর নিয়ে নতুন করে স্বপ্ন দেখায় বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিঙ্গুরে শিল্প পার্ক তৈরি হবে, ৫০ শতাংশ জমি ছোট শিল্পের জন্য থাকবে। আর এবার সিঙ্গুরে শিল্প আসার আশ্বাস দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *