কলকাতা: রাস উৎসবের উদ্বোধন উপলক্ষে রবিবার চৈতন্যভূমে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অংশ নেন একাধিক ধর্মীয় অনুষ্ঠানে। এরপর নবদ্বীপে একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেন তিনি। আর এখানেই ফের সিপিএম ও তৃণমূলকে নিশানা করেন তিনি।

চৈতন্যধামে রাস উৎসবের উদ্বোধনে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান যে আগের সরকার নবদ্বীপে ৯টি মদের দোকান ছাড়া আর কিছু করেনি। ৩৪ বছরে বামেরা ও ১৫ বছরে তৃণমূল, নবদ্বীপের জন্য কেউ কিছু করেনি। কিন্তু এই সরকারের আমলে আগামী দিনে আরও বড় করে রাস উৎসব পালন হবে, তার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজের জন্য বরাদ্দ করেন ২ কোটি টাকা। নবদ্বীপের ঘাট সংস্কার, নতুন লঞ্চ সার্ভিস চালু, ব্রিজ তৈরি, সহ একাধিক কাজের আশ্বাস দিলেন তিনি। 

আগের দুই সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”আমি দুঃখের সঙ্গে বলছি এটা রাজনৈতিক মঞ্চ নয়। যে বিগত দিনে যে সরকার ছিল, তারা নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থানে ৯টি মদের দোকান ছাড়া আর কিছু করেনি। একটি দেশি মদের দোকান ও ৮টি বিদেশী মদের দোকান। আমি কথা দিয়ে যেতে পারি আপনাদের, আমরা মহাপ্রভুর ঐতিহ্যকে  ধরে রেখে নবদ্বীপ  শহরকে আমরা প্রচারে, পরিকাঠামোতে, ঐতিহ্যে আমরা সুউচ্চ জায়গায় নিয়ে যাবো। জায়গা আছে কিন্তু সংস্কৃত বিশ্ববিদ্যালয় অসম্পূর্ণ। পরিকাঠামো উন্নত হয়নি। আমি মহাপ্রভুর পুণ্যস্থানে গিয়ে সেখানে দেখে এলাম, ভক্তদের দনে একটি শ্রী চৈতন্যদেব রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। কিন্তু সম্পূর্ণ তারা করতে পারেনি। আমি ২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে এসেছি। আমি গোশালায় গোমাতার পুজো করে এসেছি। গোশালা বৃদ্ধি করার জন্য এক কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করে এসেছি। ঘাট গুলো ভেঙে গেছে, সেগুলোকে নতুন রূপ দিতে হবে…।” 

শুভেন্দু অধিকারী আরও বলেন যে, ”আজকে শীলা প্রভুপদের জন্য আজকে মায়াপুর যে প্রচারের আলোয় এসেছে, নিশ্চিতভাবে তার প্রয়োজন ছিল, সেটিও একটি পূর্ণস্থান আমাদের। তার সাথে সাথে নবদ্বীপ প্রভুর জন্মস্থান, তাকে যে উচ্চতায় তাকে নিয়ে যাওয়ার ছিল, এই কাজ বিগত দিনে কেউ করেনি। ৩৪ বছরের বাবুরাও করেনি আর ১৫ বছরে যারা লুট করল, তারাও করেনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *