কলকাতা: মুহূর্তের অসতর্কতায় ভয়াবহ পরিণতি! স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক তরুণী। পিছনেই ছিল একটি বিশাল কন্টেনার ট্রাক। আচমকাই স্কুটারের পিছনে ধাক্কা মারে ট্রাকটি। রাস্তায় ছিটকে পড়েন তরুণী। এরপর তাঁর উপর দিয়েই চলে যায় ট্রাকের চাকা। মহারাষ্ট্রের পালঘরের এই মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ বছরের এক মহিলার।

কীভাবে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা?

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, সকাল প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ। মহারাষ্ট্রের পালঘর জেলার একটি জাতীয় সড়কে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন অঙ্কিতা যাদব নামে এক মহিলা। তিনি খারিভালি এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে নিজের লেনেই স্কুটার চালাচ্ছিলেন অঙ্কিতা। তাঁর পিছনে একই দিকে এগোচ্ছিল একটি বড় কন্টেনার ট্রাক।

কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। পিছন থেকে স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান অঙ্কিতা। এরপর ট্রাকের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

সিসিটিভি ফুটেজে কী দেখা গিয়েছে?

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর প্রশ্ন উঠেছে ট্রাকচালকের ভূমিকা নিয়ে। প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, স্কুটারটি ট্রাকের সামনেই ছিল। এমনকি সেটি ট্রাকচালকের দৃষ্টির আড়ালে বা ‘ব্লাইন্ড স্পট’-এ ছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রাস্তার বেহাল ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ স্থানীয়দের

এদিকে, দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পালঘরের কুদুস এলাকায় দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের কংক্রিটের কাজ চলছে। সেই কারণে রাস্তার একটি অংশ দিয়ে যান চলাচল বন্ধ রেখে একটিমাত্র লেনে গাড়ি চলাচল করানো হচ্ছে। এর জেরে প্রায়ই তীব্র যানজট তৈরি হচ্ছে এলাকায়।

স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণকাজ চললেও পর্যাপ্ত সতর্কতামূলক বোর্ড, ব্যারিকেড এবং যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কর্মীর ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

৩২ বছরের অঙ্কিতার মৃত্যুর পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত রাস্তার নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *