পুরী : সমুদ্রে শক্তি কিছুটা হারালেও ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগে প্রবেশ করছে ‘আকভান’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের মূল অংশ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও প্রায় দু’ঘণ্টা ধরে চলতে পারে এই প্রক্রিয়া। তবে স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তাল সমুদ্র, একটানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় প্রশাসনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কখন কোথায় ল্যান্ডফল হল ‘আকভান’-এর?

মধ্যরাত থেকেই সমুদ্রে শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড় ‘আকভান’। গত ছ’ঘণ্টা ধরে ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিবেগে এগিয়েছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই স্থলভাগে ঢুকতে শুরু করেছে ঘূর্ণিঝড়ের মাথা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের আই অফ দ্য সাইক্লোন বা চোখ স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটারে নেমে আসতে পারে। এই মুহূর্তে গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গাপত্তনম থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘আকভান’। সন্ধে ৬টার পর এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

উত্তাল পুরীর সমুদ্র, পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কার্যত প্রাভাবিত হয়েছে  ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলি। পুরীতে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। গত পরশু থেকেই সৈকত শহরে চলছে একটানা ভারী বৃষ্টি। উত্তাল সমুদ্রের কথা মাথায় রেখে পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখতে এলাকায় টহল দিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। আজ, শুক্রবার এবং আগামীকালও পুরী-সহ ওড়িশার বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ওড়িশায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনাতেও দুর্যোগ, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। বুধবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হচ্ছে। পর্যটক ও সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

ওড়িশায় ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে ওড়িশা সরকার। সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যেই বিপজ্জনক এলাকা থেকে ৩ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার ও বিপর্যয় মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। পাশাপাশি, সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজারেরও বেশি সাইক্লোন শেল্টার।

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরী, গোপালপুর, সাতপাড়া ও চিলিকা-সহ একাধিক উপকূলবর্তী এলাকায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-কে ঘিরে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি রয়েছে। স্থলভাগে প্রবেশের পর ঝড়ের শক্তি কমলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটের দিকে নজর রাখছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *