তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটপর্দা থেকেই তাঁর উত্থান। ধীরে ধীরে তিনি পা রেখেছেন বড়পর্দায়। একাধিক ওয়েব সিরিজে কাজও করছেন তিনি। কিন্তু অনুরাগীরা জানতে চান, কবে আবার ছোটপর্দায় ফিরছেন, সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)? এখনও তাঁর যে কোনও সাক্ষাৎকারেই উঠে আসে ‘মিঠাই’-এর প্রসঙ্গ। ছোটপর্দায় তার আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি, তবে সৌমিতৃষাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল, ‘মিঠাই’ ধারাবাহিকই। এরপরে দেবের (Dev) বিপরীতে অভিনয় করেন সৌমিতৃষা। এরপরে ‘কালরাত্রি’-র মতো ওয়েব সিরিজেও নায়িকা হিসেবে থেকেছেন তিনি, প্রশংসাও পেয়েছেন। আর এবার ‘মাঙ্গলিক’ ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। বিপরীতে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। হইচই এবং নেটফ্লিক্সে ২০ নভেম্বর মুক্তি পাবে এই সিরিজ। কিন্তু কবে আবার ছোটপর্দায় ফিরবেন সৌমিতৃষা? ওয়েব সিরিজের প্রচারে এসে, এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) সেই কথা জানালেন সৌমিতৃষা?
কবে ফের ছোটপর্দায় সৌমিতৃষা?
দর্শকেরাও জানতে চান, কবে নতুন ধারাবাহিকে দেখা যাবে সৌমিতৃষাকে? অভিনেতা বলছেন, ‘আমার কাছে এর আগেও বহুবার অফার এসেছে একাধিক ধারাবাহিকের। আমি কখনও বলিনি যে, আমি ফের ধারাবাহিকে ফিরব না। ছোটপর্দা আমার শিকড়, ওখান থেকেই দর্শকদের ভালবাসা পেয়েছি। পৌঁছে গিয়েছি ঘরে ঘরে। তবে শুধু গল্প পছন্দ হলেই হয় না। আসলে ধারাবাহিকে যোগ দেওয়া মানে, একটা ভীষণ লম্বা সময় শো-টাকে দিতে হবে। যদি হাতে আরও একাধিক কাজ থাকে, সেক্ষেত্রে অনেক সময়েই ধারাবাহিকের কাজ হাতে নেওয়া সম্ভব হয় না। যদি এইরকম কোনও পরিস্থিতি রয়েছে যে, বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছে, নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে পারব, আবার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠতে পারব.. অবশ্যই আবার দর্শক আমায় ছোটপর্দায় দেখবেন।’
সৌমিতৃষা কি টাইপকাস্ট হয়ে যাচ্ছেন?
‘কালরাত্রি’ থেকে শুরু করে ‘মাঙ্গলিক’.. বনেদি পরিবারের নববধূ হিসেবে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। তিনি কি টাইপকাস্ট হয়ে যাচ্ছেন? অভিনেত্রীর সাফ জবাব, ‘আমি এটা একেবারেই মনে করি না। মিঠুই ধারাবাহিক চলাকালীনই সেখানে দর্শকেরা ২টো লুকে আমায় দেখেছেন। মিঠাই এবং মিঠি। ২টো লুকই ভীষণভাবে ভালবাসা পেয়েছিল। এরপরে ‘প্রধান’-এ আমার চরিত্রটা ছিল একজন শিক্ষিকার, শান্ত, পরিশীলিত। আবার কালরাত্রি-তে আমায় Schizophrenia-য় আক্রান্ত একটি মেয়ে হিসেবে দেখা গিয়েছে। ‘মাঙ্গলিক’-এর গল্পটাতেও আমার চরিত্রে অনেকগুলো স্তর রয়েছে। আমি মনে করি, পরিচালকেরা ভরসা রাখেন যে, আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারি। আর দর্শকেরাও আমায় সমস্ত চরিত্রে সমান ভালবাসা দিয়ে এসেছেন এতদিন।’
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী