তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: আগামীকাল থেকেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’। আজ বোলপুরে ছিল ছবির প্রিমিয়ার। ছবির মুখ্যচরিত্র হওয়ার গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাছে। পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য লেখা থেকে শুরু করে, সৃজনশীল একাধিক বিষয়ও ছিল তাঁর নজরেই। ‘সাধক বামাক্ষ্যাপা’-র কাজ শেষ, কিন্তু এর পরে? সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) আগামীতে আর কোন কোন চমক নিয়ে আসছেন? এবিপি লাইভের সঙ্গে অভিনেতা ভাগ করে নিলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
নিজেকে নায়ক হিসেবে দেখতে চান সব্যসাচী?
কমার্শিয়াল নায়ক হিসেবে নিজেকে দেখতে চান সব্যসাচী? স্বভাবচিত মৃদু হেসে অভিনেতার জবাব, ‘না না.. আমাকে এই ধরণের চরিত্র খুব একটা টানে না। আর আমার মনে হয়, আমায় খুব একটা মানাবেও না। সেটা অবশ্য নির্মাতারা বিচার করবেন। আমা সাধারণ চরিত্র ভালবাসি যা গল্পের মধ্যে দিয়েই অসাধারণ হয়ে উঠবে। নায়ক হিসেবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে, আলাদা করে শট নেওয়া হবে.. এটা আমি পছন্দ করি না। চিত্রনাট্য এমন হতে পারে, যেখানে গল্পের বাঁকেই একটা কোনও চরিত্র ফুটে বেরিয়ে এল। সেটা দেখতেও ভাল লাগে। আমি যে খুব একটা নাচগান পারি, বা আমার সাংঘাতিক বডি রয়েছে বা আমায় দুর্দান্ত দেখতে.. কোনোটাই নয়। তবে আমি বিশ্বাস করি, স্টার বা নায়কোচিত ইমেজ থাকলে তবেই ছবি চলবে, এমনটা নয়। ছবির বিষয়বস্তু ভাল হওয়া চাই। গল্পের প্রয়োজনে যদি অভিনেতা-অভিনেত্রী যদি চরিত্র হয়ে উঠতে পারেন, তবেই দর্শক বিশ্বাস করবেন। দর্শক পর্দার চরিত্রের সঙ্গে নিজের জীবন মিলিয়ে ফেলতে পারলে তবেই তার দুঃখে কাঁদবে, তার আনন্দে হাসবে।’
‘শূন্য থেকে শুরু করেছি, আমার কিছু প্রমাণ করার নেই’
একটা সময়ে সব্যসাচীকে শুনতে হয়েছিল, তিনি টাইপকাস্ট হয়ে যাচ্ছেন। একঘেয়ে চরিত্র আসছে তাঁর কাছে। কিন্তু এখন কমেডি থেকে গোয়েন্দা.. বিভিন্ন স্বাদের চরিত্রে কাজ করছেন তিনি। ভিন্ন স্বাদের কাজ পাওয়াটাকে সাফল্য বলে মনে করেন? সব্যসাচী বললেন, ‘আমার কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই। আমার অভিনয়ে কতটা বৈচিত্র্য রয়েছে, এটা প্রমাণ করার দায়বদ্ধতাও আমার নেই। ছোট্ট জায়গা থেকে কাজ শুরু করেছিলাম, কখনও ভাবিনি অভিনেতা হব। প্রথম যে সুযোগ পেয়েছিলাম, সেটাকেই আঁকড়ে ধরেছিলাম। এক লাইনের সংলাপ বলার সময়েও সমানভাবে পরিশ্রম করেছি। কেই যদি বলেন যে, আমায় টাইপকাস্ট করা হচ্ছে.. আমি তো বলব আমার ভাগ্য ভাল যে আমার কথা ভেবে কেউ চিত্রনাট্য লিখছেন। কোনও প্রোজেক্টের কথা হলে যদি আমার কথা ওঠে, তাহলে আমি অত্যন্ত ভাগ্যবান, সেটা বিশেষ এক ধরনের চরিত্র হলেও। কিছুই না হওয়ার থেকে, কিছু হওয়া তো ভাল। আমির তো কিছুই ছিল না, শূন্য থেকে শুরু করেছিলাম। দ্বিতীয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ‘সংসারে সংকীর্তন’-এ অভিনয় করছি যেটা আদ্যপান্ত একটা কমেডি ধারাবাহিক। আবার সাধক বামদেব একটা একেবারে ভিন্ন চরিত্র। ‘সত্যচরণ’-এ বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের) সঙ্গে কাজ করব, সেটা একেবারে আলাদা একটা চরিত্র। আবার ‘হইচই’-তে তারিণীচরণের চরিত্রটা গোয়েন্দা চরিত্র। আমার যা যা করার, আমি করছি। এবার মানুষের কোন চরিত্রে আমায় পছন্দ হবে, সেটা তাঁদের বিষয়। কিন্তু আমার যে চরিত্র ভাল লাগে, আমি করি। এটা বলতে আমার কোনও দ্বিধা নেই।’