কলকাতা: ধেয়ে আসছে ‘আকভান’, রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের বেগ কত থাকবে ? কী বলছে আবহাওয়া দফতর ?
আরও পড়ুন, মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর, অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ১৫ কিমি বেগে উত্তর দিকে অগ্রসর হয়েছে। আজ ১৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪২০ কিমি, পূর্ব দক্ষিণ পূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, ওড়িশার গোপালপুর থেকে, ৪৯০ কিমি দক্ষিণে, পুরী থেকে ৫৫০ কিমি দক্ষিণে এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৯০ কিমি পূর্ব উত্তরপূর্বে অবস্থান করছে। আগামীকাল দুপুরে গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২দিন দুর্যোগ চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ায়। দক্ষিণবঙ্গে আগামী ২দিন দুর্যোগ, বইবে দমকা হাওয়া। ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে এর সম্পর্কে, এটি ক্রমশ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল (শুক্রবার) দুপুরের মধ্য়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে গোপালপুরের কাছাকাছি এলাকায়। অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৯০-১০০ কিমি পর্যন্ত এবং দমকা ১১০কিমি পর্যন্ত যেতে পারে। ‘আকভান’-এর প্রভাবে বুধবার থেকেই পুরীতে ভারী থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পুরীর গুন্ডিচা মন্দির। ২২ তারিখ পর্যন্ত পর্যটকদের পুরীতে না আসার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে আকভানের জেরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে।