ঢাকা : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ডাকা ভোর থেকে সন্ধে পর্যন্ত দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি এবং এর মাঝে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত হিংসার ঘটনার প্রেক্ষাপটে, বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল বাংলাদেশ। এই সময়ে সাত জেলায় প্রায় ৩ হাজার আধা-সামরিক বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজিপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর- এই সংবেদনশীল জেলাগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬টি প্লাটুন (প্রায় ৩ হাজার সদস্য) মোতায়েন করা হয়েছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জ জেলায় ২৭টি প্লাটুন, রাজধানীতে ২৩টি এবং চট্টগ্রামে ১৫টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। তারা জেলা প্রশাসন ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। এছাড়া, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আধিকারিকরা জানিয়েছেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমউজ্জামান মোল্লার বাড়িতে এবং কাশিয়ানিতে তাঁর আত্মীয় ও সমর্থকদের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সমর্থকরা, যাদের মধ্যে রয়েছেন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ ও যুবলিগের সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলিগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তাঁদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। আধিকারিকরা জানিয়েছেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় একটি থানায় অগ্নিসংযোগের দু’দিন পর, তাঁরা গোপালগঞ্জে আরও একটি থানায় আগুন দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, “কাশিয়ানি থানায় যখন হামলাকারীরা আগুন দেয়, তখন সেখানে কোনও পুলিশকর্মী উপস্থিত ছিলেন না।”

দমকল আধিকারিক শিপলু আহমেদ জানিয়েছেন, ওই এলাকায় পার্ক করে রাখা বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়েছে। গত দুই দিনে বিএনপির আরও দুই আইনপ্রণেতার বাড়িতে হামলা চালানো হয়েছে, যার ফলে গোপালগঞ্জ জেলাটি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সেখানে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বুধবার রাতে নড়াইলের পশ্চিমাঞ্চলে হিংসায় স্থানীয় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এছাড়া, এর আগের দুই দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও পিরোজপুরে আরও দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ঢাকায় বৃহস্পতিবার ভোরে আগারগাঁও এলাকায় মেট্রোরেল স্টেশনের নীচে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, যা আতঙ্ক সৃষ্টি করে; তবে এই বিস্ফোরণে কেউ আহত হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *