কলকাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই মেঘলা আকাশ। অন্যদিকে, বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আকভান শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার আরও শক্তি বাড়াতে পারে। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর দুপুর নাগাদ মাছিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। এর কারণে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়া সতর্কতা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। পাশাপাশি, পশ্চিমবঙ্গেও এই প্রভাব দেখে দেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আইএমডি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং ১৯শে নভেম্বর ইয়ানামের পাশাপাশি কাকিনাদা, কোনাসীমা, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা ও বাপাতলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ১৯শে নভেম্বর উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় আকভান পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসায় ওড়িশা সরকার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ২ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

আরও পড়ুন – ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ! ২০ নভেম্বর এই দুই উপকূলে আঘাত হানতে পারে, বড় আপডেট আবহাওয়া দফতরের

ওড়িশা সরকার আটটি জেলার ৮৭টি ব্লক জুড়ে ১,৯০২টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি বলেছেন, আগামী ২০ নভেম্বর প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে সরকার উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসায় ওড়িশার জন্য ভূমিধস একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে রাজ্য সরকার ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চলগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। গঞ্জাম, গজপতি, রায়গড়া, কান্ধামাল, মালকানগিরি এবং কোরাপুট—এই ছয়টি জেলাকে ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলার জন্য রাজ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু ভূমিধস একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তিনি আরও বলেন, ”গত মাসের ঘূর্ণিঝড় অর্ণবের সময় যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে ১০ জনই ভূমিধসের কারণে মারা গেছেন। সরকার দক্ষিণ ওড়িশা জুড়ে পাহাড়ের পাদদেশ ও চূড়ার বসতিগুলিতে বসবাসকারী মানুষদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।”

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পরবর্তীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

শুক্রবার এই দুর্যোগের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, হাওড়ার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো- হাওয়াও বইতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *