দক্ষিণ ২৪ পরগনা : রাজ্যে তোলাবাজি বন্ধে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তোলাবাজি ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও। জেলায় জেলায় তোলাবাজি কাণ্ডে একের পর এক গ্রেফতারির পর, এবার ক্যানিং-এ তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল এক বিজেপি নেতাকে।
আরও পড়ুন, অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
মাছ ব্যবসায়ীর থেকে ৩ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তোলার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। এরপরেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। যদিও ওই মাছ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত বিজেপি নেতা। ‘আমাকে ফাঁসানো হয়েছে’, বলে দাবি জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদকের।
রাজ্যে পালাবদলের পর ডায়মন্ডহারবারে গিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘আজ থেকে তোলাবাজি বন্ধ। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে।’ সদ্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকেও হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা যায়, ‘তোলাবাজি হলে প্রথমেই অভিযোগ করা উচিত। আগে তোলাবাজি চলত পুলিশের কাছে যেতেন না। প্রথম এটা বেআইনি, পুলিশের কাছে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, পার্টির কেউ যুক্ত থাকলে পার্টিকেই জানাতে হবে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে আমি আবেদন করব, এধরনের ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে যথা জায়গায় কমপ্লেন করুন। পার্টি ব্যবস্থা নেবে, না হলে পুলিশ ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, আরও একটি ঘটনা সদ্য প্রকাশ্যে আসে বীরভূম জেলায়। পরিকল্পনা ছিল, পুলিশ কর্মীর ঘুষ খাওয়া ধরবেন হাতেনাতে।সেইমতো, ঘুষের টাকার নোটের নম্বরও লিখে রেখেছিলেন বিজেপি নেতা।আর বিজেপির দাবি, সেই নম্বরের নোটই উদ্ধার হয়েছে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের পকেট থেকে।বেনজির এই ঘটনা ঘটেছে বীরভূমের তারাপীঠে।এখানে, থানার সামনে ভিডিও করায়, আটক যুবককে ছাড়তে, ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠে আসে তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে। রবিবার, এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল তারাপীঠ থানায়। ডিউটি অফিসার ও সিভিক ভলান্টিয়ারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। আটক যুবকের পরিবারের দাবি, ওইদিন, এক বন্ধুকে ছাড়তে তারাপীঠে এসেছিলেন রামপুরহাটের বাসিন্দা রন্তু দাস। ছেলে কোথায় আছে, জানতে রন্তুকে ফোন করেন তাঁর মা। তারাপীঠ থানার সামনে দাঁড়িয়েই মা-কে ভিডিও কল করছিলেন রন্তু। অভিযোগ, এরপরই থানার ছবি তোলার অপরাধে, তাঁর থেকে টাকা দাবি করেন পুলিশ।