কলকাতা: চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের। শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে। ‘কেন ডিউটি না করে মুখ খুলেছেন ইন্টার্নরা?’, তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হল। চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। (Chorbagan Stampede Case)
গত ১৭ অক্টোবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মারা যা শিশু-সহ ১৯ জন। সেই সময় আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই পরিস্থিতিতেই কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। বিভিন্ন ওষুধপত্র, সিরিঞ্জ, চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগ করেন। সেই নিয়েই এবার শোকজ করা হল তাঁদের। হাসপাতালের অধ্যক্ষের কাছে লিখিত নির্দেশে আট জন জুনিয়র ডাক্তারের নাম ছিল-সৌম্যদীপ দে, মহম্মদ মহসিন রেজা, আয়ুষ ঝা, অজিঙ্ক্য় কুমার বর্মা, সোহম বেরা, সুমিত মুখোপাধ্যায়, অঞ্জন মণ্ডল এবং অরুণাভ সাঁতরার। তাঁরা সার্জারি এবং অর্থপেডিক বিভাগের ইন্টার্ন। (Calcutta Medical College)
আরও পড়ুন: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
ওই দিন, চিকিৎসকরা সংবাদমাধ্যমে বলেন, “রোগী ভর্তি হওয়ার যে কাগজপত্র, তা তৈরি হয়ে গিয়েছিল। ওপরমহল থেকে নির্দেশ এল যে, রোগীর পরিবারের কাছে অপশন রাখা হোক যে তাঁরা অ্যাপোলোর মতো বড় বেসরকারি সংস্থায় করাতে চান কি না। নিজেদের চোখে দেখি, একাধিক পরিবারকে বলা হচ্ছে, কারা কারা অ্যাপোলতে চিকিৎসা করাতে চান। একজন স্বাস্থ্যমন্ত্রী কী ভাবে এমন মন্তব্য করেন? “
মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের ডেকে পাঠিয়ে হাতে শোকজের নোটিস ধরানো হয়। বাকিদের ইমেল করে পাঠিয়ে দেওয়া হয় নোটিসে। এক চিকিৎসক এবিপি আনন্দকে বলেন, “বলেছে, আপনি ডিউটিতে ছিলেন না কেন? শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে না? কেন প্রেস কনফারেন্স করেছি আমরা। কেন ডিউটিতে ছিলাম না?”
ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি ওই দিন ডিউটিতেই ছিলেন না। তার পরও কেন শোকজ পেলেন, তা নিয়ে বলেন, “যারা দিয়েছে তারাই জানে। আমরা ভাবনাচিন্তা করে জানাব।” নোটিসে বলা হয়েছে, ওষুধ না থাকার কথা বলা হয়েছিল। কিন্তু তদন্তে দেখা গিয়েছে, সব ছিল। কিন্তু ওই চিকিৎসক বলেন, “বাস্তব পরিস্থিতি আমরা জানি। অন্য কিছু বলে রাজ্য। আমরা আমাদের কথা বলেছি। প্রত্যেক চিকিৎসক পরিস্থিতি জানেন। রাজ্য নিজের মতো কথা বলবেই। আমরা যা দেখেছিলাম, তা বলেছি। যা বলেছিলাম, সত্য বলেছিলাম।”
ডিউটি ছেড়ে প্রেস কনফারেন্স করার কথা বলা হয়েছে নোটিসে। যদিও ওই চিকিৎসক জানান, তিনি ডিউটিতেই ছিলেন না। চিকিৎসকদের অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় বলেন, “ওই ডাক্তারগুলো, যারা প্রেস করছিল, সেই সময় তাদের ডিউটি ছিল কি না বের করতে হবে। ডিউটি থেকে থাকলে বাইরে বেরিয়ে যদি প্রেস কনফারেন্স করেন, তা সার্ভিস রুলের পরিপন্থী। সেই মতো নির্দেশ পাবে দফতর।” এর পর স্বাস্থ্যভবনের তরফে তদন্ত হয়। আর তার পরই শোকজ করা হল ডাক্তারদের। নোটিসে বলা হয়েছে, তদন্তে দেখা গিয়েছে ওষুধপত্র মজুত ছিল। সংবাদমাধ্যমে বিকৃত তথ্য় পেশ করেছেন ডাক্তাররা। ডিউটি ছেড়ে কেন প্রেস কনফারেন্স করতে গিয়েছিলেন, কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে না, জানতে চাওয়া হয়েছে শোকজে।
চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “সেদিন এখানকার মেডিক্য়াল কলেজের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা প্রথম ঘণ্টায় সঠিক চিকিৎসা করেছিলেন বলেই মৃত্যু বাড়েনি। তাঁদের ধন্যবাদ প্রাপ্য। আমরা বার বার সেটা জানিয়েছি। সেদিন থেকে দেখছি, রাতে যে প্রেস কনফারেন্স নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। এখন শুনছি শোকজ করা হয়েছে। তাঁরা কিছু ত্রুটির কথা তুলে ধরেছিলেন। এটা তো মানতে হবে যে চিকিৎসার সময় জিনিসগুলি পায়নি, তাই অভিযোগ করেছিল? সেই সময় একেবারে যুদ্ধকালীন তৎপরতায় অত মানুষের প্রাণ রক্ষা করেছে। আবেদন জানিয়েছিলাম শাস্তিমূলক পদক্ষেপ না করা হয় যেন। আবারও একই অনুরোধ করছি।”