বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! পরপর দুটি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার, ১৬ নভেম্বর সন্ধের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকাভান’ (Akvan)। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। পরদিন, ১৪ নভেম্বর সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। এরপর ১৫ নভেম্বর সকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের পর্যায়ে পৌঁছয় সেটি। ক্রমশ উত্তর-পশ্চিম ও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে সিস্টেমটি। 

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। এরপর ১৭ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর থেকে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। পরবর্তী সময়ে তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আকভান?

আবহাওয়ার মডেল অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য অভিমুখ অন্ধ্রপ্রদেশের উপকূল। বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলির দিকে নজর রয়েছে আবহাওয়াবিদদের। নেল্লোর থেকে ওঙ্গোলের মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলের সম্ভাব্য গতিপথ নিয়েও আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট ল্যান্ডফল পয়েন্ট নিশ্চিত করেনি IMD। ফলে ঠিক কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১৯ ও ২০ নভেম্বর উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে।

ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ১৮ নভেম্বর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *