বীরভূম: দুপুরে জামিন পেয়ে সন্ধ্যায় পুলিশকে গুলি। আহত কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। বোলপুরে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় এবার অ্যাক্শন মুডে প্রশাসন। অভিযুক্ত রতন শেখকে রবিবার এনকাউন্টার করে পুলিশ। রাজ্যে পালাবদলের পর এটি নিয়ে পঞ্চম এনকাউন্টার।  

ডাকাতির মামলায় জামিন পেয়ে গত শুক্রবার দুপুরে ফিরেছিল এলাকায়। সন্ধ্যায় আর এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাসস্ট্যান্ডে। সেখানেই তাকে ধরতে গিয়ে রক্তাক্ত হলেন আইনের রক্ষাকর্তারা। সূত্রের খবর, রতনকে ধরতে শুক্রবার সন্ধেয় বোলপুরের লায়েক বাজারের বটতলায় যান ৩ জন পুলিশকর্মী। দুষ্কৃতীকে দেখতে পেয়ে নাম ধরে ডাকেন তাঁরা। সেই সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। তারপর থেকেই নিখোঁজ ছিল রতন শেখ। কিন্তু রবিবার বিকেলে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।  

পুলিশ সূত্রে খবর, রতন শেখের বিরুদ্ধে মোট ৩৬টি ফৌজদারি মামলা ছিল। কর্তব্যরত পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্তারা। শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার। এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ। পুলিশ সূত্রে খবর, পাকড়াও করে জেরার পর অপরাধ কবুল করেছিল রতন। কনস্টেবলের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ইটভাটায় লুকোনো আছে বলে জানায় রতন। রতনকে নিয়ে ওই অস্ত্রের খোঁজে নানুরের উচকরণ গ্রামের ইটভাটায় যায় পুলিশ। ইটভাটায় কোথায় অস্ত্র লুকোনো আছে, রতনকে দেখাতে বলেন তদন্তকারীরা। আচমকা গোপন জায়গা থেকে অস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে, আত্মরক্ষায় রতনকে পাল্টা গুলি চালান তাঁরা, সেখানেই গুলিবিদ্ধ হয় সে।  গুলিতে জখম রতনকে নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আগামীকাল রতনের দেহের ময়নাতদন্ত হবে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

আরও পড়ুন – নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

উল্লেখ্য, রতন শেখের বাড়ি নানুরের সাঁতরা গ্রামে। তবে সে এখানে থাকত না। বাড়িতে থাকেন তার দাদা সালাম শেখ-সহ অন্যরা।  সালাম শেখও অন্য একটি মামলায় জেলে ছিল। কিছুদিন আগে সেও ছাড়া পায়। পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে সাঁতরা গ্রামে নিজের বাড়ি-জমি বিক্রি করে চলে যায় রতন শেখ। বিয়ে করার পর থাকতে শুরু করে বোলপুরে লায়েকবাজারে। গত শুক্রবার জামিন পাওয়ার পর সেখানে গিয়ে ওঠে সে। তদন্তকারীরা জানিয়েছেন, সন্ধ্যায় বাস ধরে নানুর যাওয়ার জন্য লায়েকবাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল রতন। তার সঙ্গে ছিল আর এক দুষ্কৃতী রমেশ কোঁড়া। সেখানে পুলিশ পৌঁছলে গুলি চালিয়ে গা ঢাকা দেয় তারা। দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *