ঢাকা : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া বাংলাদেশ সম্পন্ন করে ফেলেছে এবং পরবর্তী পদক্ষেপ এখন নয়াদিল্লির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মহম্মদ আসাদউজ্জামান। এমনই খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম। ‘প্রথম আলো’-র খবর অনুযায়ী, শনিবার বাংলাদেশ-চিন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের দিক থেকে যা যা করার প্রয়োজন ছিল, তার সবই আমরা সম্পন্ন করেছি। এখন তারা (ভারত) কী করবে, তা তাদের বিষয়।” আইনমন্ত্রী জানান, শেখ হাসিনা আইনি পথেই ফিরে আসবেন এবং দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাঁর প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে।

শেখ হাসিনাকে ফিরে আসার আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি ফিরে আসবেন।’ তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ থাকবে কি না, জানতে চাইলে আসাদউজ্জামান বলেন, ‘সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাঁর সেই সুযোগ থাকবে না।’ এমনই খবর প্রকাশ করেছে ঢাকা ট্রাইবুন। শেখ হাসিনাকে তৃতীয় কোনও দেশে পাঠানোর বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে কোনও আলোচনা করেছে কি না-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ভারত সরকারই ভাল বলতে পারবে।’ খবর ‘প্রথম আলো’ সূত্রের।

২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে নিজের সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর থেকেই বাংলাদেশ ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর দমন-পীড়নে ভূমিকার জন্য হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে একটি দায়ে মৃত্যুদণ্ড এবং অন্য একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হাসিনা এই অভিযোগ ও বিচার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। তাঁর সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন প্রশাসন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও, হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের দাবি অব্যাহত রয়েছে। ভারত জানিয়েছে যে, তারা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে, তবে তাঁকে হস্তান্তর করার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *