দীপক ঘোষ, কলকাতা : ২১ নভেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেক্টর ফাইভ-নিউ গড়িয়া অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলছে। এবার সম্প্রসারিত অংশে বেলেঘাটার সঙ্গে জুড়বে সেক্টর ফাইভ। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদি।
বিস্তারিত…
শনিবার ২১ নভেম্বর একদিনের জন্য কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, বেশকিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং ঘোষণা করতে চলেছেন তিনি। তাঁর এই তালিকায় রয়েছে অরেঞ্জ লাইনের উদ্বোধন। অরেঞ্জ লাইনে ইতিমধ্যে মেট্রো চলাচল করছে। প্রস্তাবিত অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর কথা। এই লাইন বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হওয়ার পরে, দীর্ঘদিন ধরে কাজ আটকে ছিল। তৃণমূল সরকারের সময় প্রশাসন অনুমতি দিচ্ছিল না বলে চিংড়িঘাটায় জটিলতা তৈরি হয়েছিল। সেখানে কাজ হচ্ছিল না। রাজ্যে সরকার পরিবর্তনের পরে দ্রুত বেগে সেখানে কাজ হয় এবং বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সংযোগ স্থাপন করা সম্ভব হয়।
এই অংশে ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে ট্রায়াল রান শুরু হয়েছে। এখনও ট্রায়াল রান চলছে। জানা যাচ্ছে, বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই সম্প্রসারিত অংশে মেট্রো চলাচলে সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী। তার ফলে, নিউ গড়িয়া থেকে সরাসরি মেট্রো পৌঁছাবে সেক্টর ফাইভ পর্যন্ত। সেক্টর ফাইভে যাত্রীরা নেমে সঙ্গে সঙ্গে ব্লু লাইনে মেট্রো ধরতে পারবেন। যে ব্লু লাইন সরাসরি পৌঁছেছে শিয়ালদা হয়ে একেবারে হাওড়া পর্যন্ত। ফলে, কলকাতা মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ হতে চলেছে। পরবর্তী ধাপে সেক্টর ফাইভ থেকে এই মেট্রো পৌঁছাবে বিমানবন্দর পর্যন্ত।
আপাতত সেক্টর ফাইভ থেকে বেলেঘাটা পর্যন্ত যদি সংযোগ স্থাপন করা যায়, তাহলে নিউ গড়িয়া থেকে সরাসরি যাত্রীরা পৌঁছাতে পারবেন সেক্টর ফাইভ পর্যন্ত। ফলে, বেলেঘাটার যানজট কমবে। যাত্রী চলাচলে সুবিধা হবে এবং সেইসঙ্গে মানুষ সেক্টর ফাইভ থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন নিউ গড়িয়া। এমনকী সেক্টর ফাইভ থেকে তাঁরা সরাসরি পৌঁছে যেতে পারবেন হাওড়া পর্যন্ত। ফলে, ২১ তারিখে প্রধানমন্ত্রী যদি তা উদ্বোধন করেন, তাহলে মেট্রো নেটওয়ার্কে এটা একটা বড়সড় পরিবর্তন আসবে। যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। PM Narendra Modi