পার্থপ্রতিম ঘোষ ও অরিন্দম সেন, কলকাতা: একাধিকবার ঘুমপাড়ানি গুলি ব্যবহার করার ফলে কি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে বক্সার বাঘিনীর? ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। বনকর্মী ও বিশেষজ্ঞদের অনুমান, অন্তঃসত্ত্বা ছিল বলে সে নিরাপদ আশ্রয় খুঁজছিল। যদিও এমন কোনও তথ্য বন দফতরের কাছে নেই, বলে দাবি করেছেন বনমন্ত্রীর। বিষয়টি খতিয়ে দেখছেন NTCA-র বিশেষজ্ঞরা।
ঘুমপাড়ানি গুলিতে বাঘিনীর গর্ভপাত?
বিহার থেকে আনা বাঘিনী কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির কারণে কি তার গর্ভপাত হয়েছে? এই সব প্রশ্ন ঘিরে ক্রমেই দানা বাঁধছে রহস্য! বন দফতরের পাশাপাশি, তদন্তে নেমেছেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলছেন, ‘এই ধরনের খবর, এক মাস ধরে বিভিন্নভাবে আসছে। এখনও আমাদের কাছে তথ্য নেই।’ সম্প্রতি বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীটিকে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়। ২ অক্টোবর তাকে জঙ্গলে ছাড়া হয়। তারপরই বক্সা থেকে সে অসমে চলে যায়। অসমের কোকরাঝাড়ের একটি জঙ্গলে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাঘিনীকে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা।
অন্তঃসত্ত্বা বলেই নিরাপদ আশ্রয় খুঁজছিল বাঘিনী?
অসম থেকে এনে ফের বক্সায় ফেন্সিং করে রাখা হয় বাঘিনীকে। কিন্তু তারপর ফের সেখান থেকে বেরিয়ে যায় সে। বনকর্মী ও বিশেষজ্ঞদের অনুমান, বাঘিনী অন্তঃসত্ত্বা ছিল। সেই কারণে সে নিরাপদ আশ্রয় খুঁজছিল।একাধিকবার ঘুমপাড়ানি গুলির কারণেই কি তার ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে? তেমনটা হয়ে থাকলে সেই দায় কার? বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলছেন, ‘এই ধরনের খবর, এক মাস ধরে বিভিন্নভাবে আসছে। এখনও আমাদের কাছে তথ্য নেই। তবে আপনাদের আশ্বস্ত করছি, আমাদের দিল্লি থেকে কেন্দ্রীয় দল, তদন্ত করতে আসছে। তাদের তদন্ত করার পর কী আছে না আছে, তখনই বলতে পারব। তার আগে বিশেষ কিছু বলার অবকাশ আমাদের নেই। তদন্ত হোক, হলেই পরিষ্কারভাবে বোঝা যাবে আসলে কী।’
ইতিমধ্যেই দিল্লি থেকে এসেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA-র বিশেষজ্ঞরা। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। বন দফতর সূত্রে খবর, বাঘিনী সুস্থ আছে। বক্সার গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তবে এই ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছে বন দফতর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।