আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ক্ষমতায় আসার আগেই বিজেপি অভিযোগ করত, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তাঁর প্রাপ্য়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া হয়। ভোটের ফল ঘোষণার পর সেই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়। আজ ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্রও বলছেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, তাহলে জগদীশ বসুনিয়া কিংবা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন পাবেন না। পাল্টা আক্রমণ শানিয়ে, শোভনদেব চট্টোপাধ্য়ায় বলছেন, ওদের দালালি করা ছাড়া কোনও রাস্তা নেই। 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে বুলডোজ়ার অভিযান। ভাঙা হল অস্থায়ী শেড, লোহার গেট। ভেঙে ফেলা হল তৃণমূলের শহিদবেদিও। কালীঘাট রোডে, রাস্তার ওপর এখানেই থাকত, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গাড়ি এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক পাইলট কার। এদিন, সেই জায়গা ফাঁকা করেও, গার্ডরেল ও নো পার্কিং বোর্ড ঝুলিয়ে দেয় পুলিশ। 

তৃণমূল যখন ক্ষমতায় তখন বিরোধীরা বারবার অভিযোগ করত, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তাঁর প্রাপ্য়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। তখন তাঁর কনভয় মানে ছিল…একের পর এক গাড়ি…চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো গাড়ির সংখ্য়া। গুনে ওঠা দায়। বাড়ির সামনেও ছিল জমাটি নিরাপত্তা। পুলিশ–গার্ডরেল-কিয়স্ক-কতকিছু। সাধারণ মানুষের চলাচল করাই দায়। কিন্তু ক্ষমতা যেতেই বদলে গেছে ছবিটা। তুলে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা।

হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা। এবার, ১২১ নম্বর কালীঘাট রোড, পটুয়াপাড়া এলাকায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনের রাস্তাও একেবারে সাফ করে দিল কলকাতা পুরসভা। 

এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন, “পারলে গোটা বাংলার সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লাগিয়ে দেয়…এরকম অবস্থা ছিল। কেন ছিল ? যদি সৎ কাজ করতেন, ভাল কাজ করতেন তাহলে তো এটা থাকার কথা নয়। এত সুনামের পুঁজি তৈরি করেছেন, খাটের তলা থেকে বাইরে বেরোতে ভয় পান। মানুষ দেখলেই বলবেন চোর চোর।” 

এ প্রসঙ্গে মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, “সরকারে এসে হঠাৎ মনে হল যে, নিরাপত্তা লাগবে না। ওদের পুলিশ যা করে করবে।” 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় Z+ নিরাপত্তা পেতেন।  সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিওরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কিছু অতিরিক্ত নিরাপত্তাও পেতেন। ভোটের ফল ঘোষণার পর সেই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস মিলিয়ে কলকাতা পুলিশের অন্তত ২০০ জন পুলিশ কর্মীকে রাখতে হত।  

এ প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, “অভিষেকের ওপরে কোনও জিহাদি থ্রেট নেই, কোনও বিদেশি থ্রেট নেই এবং অভিষেক এমন কেন্দ্র নয় যেখানে গেলে রাত্রিবেলা বোমা বিস্ফোরণ করতে পারে। সেখানে অভিষেক একজন MP হিসাবে, ও যদি Z+ পায়, এরমধ্য়ে জগদীশ বসুনিয়া দু’তিনবার হেনস্থার শিকার হয়েছেন, তাঁর স্ত্রী-সহ। তাহলে সে কেন পাবে না (Z+)? রাজ্য়ের সবচেয়ে সিনিয়র সাংসদ, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তিনি কেন পাবেন না?”

যদিও শোভনদেব চট্টোপাধ্য়ায়ের কথায়, “এগুলো ওঁদের বলতে হবে, কারণ ওঁরা তো বিজেপির কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। এখন ওঁদের দালালি করা ছাড়া কোনও রাস্তা নেই।” 

সূত্রের খবর, ক্ষমতায় আসার পর, পুলিশের শীর্ষকর্তাদের উদ্দেশে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসাবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে।

এরপর থেকেই একে একে সরিয়ে দেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এবার, সাফ-সুতরো করে দেওয়া হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়ির সামনের ফুটপাত। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *