কলকাতা: অর্জুন দত্তের (Arjun Dutta) পরিচালনায়, আরও এক নতুন গল্প। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং জয়া আহসান (Jaya Ahsan)। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কসের প্রযোজনায় আসছে, নতুন ছবি ‘আরএসভিপি মার্ডার’। সহ-প্রযোজক হিসেবে থাকছেন রূপম গোস্বামী। পাহাড়ের প্রেক্ষাপটে একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হতে চলেছে মনস্তাত্ত্বিক রহস্যে মোড়া এই ছবি। এর আগের ছবিগুলিতে, মানুষের সম্পর্কের টানাপোড়েন এবং মনের সূক্ষ্ম অনুভূতিগুলিকে পর্দায় তুলে ধরেছিলেন অর্জুন দত্ত। এবার তাঁর গল্প বলার সেই নিজস্ব ভঙ্গির সঙ্গে মিশতে চলেছে রহস্য, রোমাঞ্চ আর ডার্ক হিউমার। পাহাড়ের শান্ত, সুন্দর পরিবেশের আড়ালে লুকিয়ে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, চাপা ঈর্ষা এবং সম্পর্কের নানা জটিল সমীকরণ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, বাস্তবটা যে একেবারেই অন্যরকম হতে পারে, সেই ঘটনার বর্ণনাতেই এগোবে ছবির কাহিনি।
অর্জুনের ছবিতে কাজ করা নিয়ে কী বলছেন দুই নায়িকা শ্রাবন্তী আর জয়া?
ছবি নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলছেন,’অর্জুন দত্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ‘আরএসভিপি মার্ডার’-এর চিত্রনাট্যটা আমার দারুণ লেগেছে। ছবির বিষয়বস্তুটাও বেশ আকর্ষণীয়। তবে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমার চরিত্রটি। অর্জুন যেভাবে চরিত্রটা আমাকে বুঝিয়েছে, তা শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে, এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। আমার বিশ্বাস, এই ছবিতে দর্শক আমাকে একেবারে অন্যরকমভাবে দেখতে পাবেন। চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমি মুখিয়ে আছি।’
এই ছবিতে অভিনয় নিয়ে জয়া আহসান বলছেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। ওর পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ‘আরএসভিপি মার্ডার’-এ একঝাঁক গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা আমার কাছে একটা দারুণ ভাল লাগার বিষয়। আমার চরিত্রটিও বেশ আকর্ষণীয় এবং চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। ব্যক্তিগতভাবে চরিত্রটিকে আমার খুব ভালো লেগেছে। এবার অপেক্ষা, ছবিটি তৈরি হওয়ার পর দর্শকদের কতটা ভালো লাগে, সেটা দেখার। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।’
এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, প্রীতি সরকার, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী, মনোজ ওঝা।
আরও পড়ুন: Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ‘জোনাকিদের বাড়ি’ এবার বড়পর্দায়, পরিচালনায় কে?