কলকাতা: মা ও মেয়ের ঝামেলা থামাতে গিয়েই খুন হতে হল সার্থক সরকারকে? গড়িয়ার ফরতাবাদে খুনের ঘটনায় তদন্তকারীদের কাছে নতুন তথ্য়। কলেজের ফি দেওয়া নিয়ে মা ও মেয়ের ঝামেলা শুরু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত।
প্রেমিককে খুন করেছেন প্রেমিকা ও তাঁর মা। এরকমই হাড় হিম করা করা অভিযোগ সামনে এসেছে গড়িয়ার ফরতাবাদে। কিন্তু ভয়াবহ এই ঘটনা ঘটল কেন? মা-মেয়ের বচসা থামাতে গিয়েই কি খুন হন প্রেমিক? নাকি এর নেপথ্য়ে রয়েছে আর্থিক লেনদেন বা ত্রিকোণ প্রেমের মতো কোনও কারণ?
কালীপুজোর আগের রাতে কলকাতা যখন উৎসবের সাজে সেজে উঠছে, তখন গড়িয়ার ফরতাবাদে একটি বহুতল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত ২৫ বছর বয়সী সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার সার্থক সরকার। পুলিশ সূত্রে খবর, এই বহুতলের একটি ফ্ল্য়াটে সপরিবারে ভাড়া থাকেন সার্থকের প্রেমিকা, আইনের ছাত্রী সঞ্চালিকা বসু। যাঁকে ইতিমধ্য়ে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর,প্রেমিকার বাড়িতে আসা-যাওয়া ছিল বারাসাতের বাসিন্দা সার্থকের। শনিবার রাতেও সেখানে এসেছিলেন তিনি। কিন্তু, তারপর কী ঘটে? পুলিশ সূত্রে দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, সার্থক ও তাঁর প্রেমিকা মদ্য়পান করছিলেন। তখন কলেজের ফি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা বাধে সঞ্চালিকার। সেই বচসা থামাতে যান সার্থক সরকার। তখনই আবার সার্থকের সঙ্গে তুমুল বচসা বেধে যায় সঞ্চালিকার। তা শুনে রান্নাঘর ছুটে আসেন প্রেমিকার মা। অভিযোগ, বচসা চলাকালীনই ধারাল অস্ত্র দিয়ে সার্থকের গলায় কোপ মারেন সঞ্চালিকা। কিন্তু, কী এমন বিষয়, যা নিয়ে বচসার জেরে প্রেমিককে খুনের মতো ঘটনা ঘটে গেল? ধৃত প্রেমিকার দাদু অরুণ কুমার বসু জানান, ”নিজেদের মধ্য়ে মারামারি হচ্ছিল, এইটুকুই জানি। প্রথমে স্কুলের টাকা জমা দিতে হবে, পড়ে তো, ল নিয়ে পড়ে। বলেছে সবার টাকা জমা হয়ে গেল, তুমি এখনও টাকা জমা করলে না। মায়ের সঙ্গে গণ্ডগোল বাধে। তারপর দেখি, মা এখানে রুটি করছিল, তারপর দেখি হঠাৎ চিৎকার। শিগগিরি এসো। গিয়ে দেখি এখান থেকে ব্লাড পড়ছে। ফুটো হয়ে গেছে।
নিহত সার্থক সরকারের বাড়ির লোক জানিয়েছে, শনিবার গভীর রাতে, সঞ্চালিকাই ফোন করে জানান, সার্থক আহত হয়েছেন। নিহত যুবকের বাবা সুজয় সরকার বলেন, ”রাত ১২টা ৫০-এ মেয়ে খবর দিচ্ছে, ভাইয়ের অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি চলে এস। আমার মেয়ে যখন ফোন করে ওই মেয়েকে, সঞ্চালিকা, যার বাড়ি গিয়েছিল, ও বলছিল ওর অবস্থা খুব খারাপ। মেয়ে বলছে তুই এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। যেখান থেকে ব্লাড বেরোচ্ছে চেপে ধর। হাসপাতালে নিয়ে যা। আমার মিসেস সঞ্চালিকাকে ফোন করল। বলল, আন্টি সার্থকের অবস্থা খুব খারাপ। ব্লিডিং হচ্ছে। এসে দেখলাম…।”
খুনের অভিযোগে ধৃত সঞ্চালিকা ও তাঁর মা-কে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে বারুইপুর আদালত। পুলিশ সূত্রের খবর, মা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। মা-মেয়ে দু’জনই তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও পুলিশ সূত্রে দাবি। গড়িয়ার ওই বহতলের বাইরে সোমবারও মোতায়েন রয়েছে পুলিশ।