কলকাতা: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি। সোমবার সকালে টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ল টালার বিস্তীর্ণ এলাকা। বেশ কিছুক্ষণের জন্য বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। এমনকী জল সরবরাহ বন্ধ থাকে একটা অংশে। কোথাও কোথাও জল হাঁটু সমানও জল জমে যায়।পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন খোদ পুর কমিশনার।
সোমবার উৎসবের মরসুমে টালা ট্যাঙ্কের পাইপ ফেটে এমনই দুর্বিসহ পরিস্থিতি হয় উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে। রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নীচে হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ভূগর্ভস্থ প্রধান পাইপলাইন। পাইপ ফাটার পর হু হু করে জল বার হতে থাকে। জল জমে যায় রাস্তায় এবং রেলের ট্র্যাকে। জলমগ্ন হয়ে যায় পাড়া থেকে কালীপুজোর মণ্ডপও। পাইপ ফেটে যাওয়ায়, জল সরবরাহ বন্ধ থাকে একটা বড় অংশে। বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় টালার একাধিক এলাকায়। এই টালা ট্যাঙ্ক থেকে কলকাতা শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে পরিশোধিত পানীয় জলের একাধিক পাইপলাইন। ফলে পাইপ ফেটে যাওয়ায় পানীয় জলের সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। পুরসভার তরফেও এ ব্যাপারে সর্তক করা হয়েছে। একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
পুরসভার তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট চত্বর, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জলের পরিষেবা বিঘ্নিত হতে পারে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এফেক্টেড এরিয়াতে জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে দুটি নম্বরে কল করলেই মিলবে জল। নম্বর দুটি হল-
ল্যান্ডলাইন – ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪
ফোন – ৯৮৩০৩২৪৩৩০
https://t.co/INRWiuqJRj
— Kolkata Municipal Corporation (@kmc_kolkata) November 9, 2026
পাশাপাশি কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, পর্যাপ্ত পরিমান খাবারের জল মজুত রাখতে এবং জল বেশি অপচয় করতে না বলা হচ্ছে। পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এভাবেই পাশে থাকতে অনুরোধ জানিয়েছে কর্পোরেশন।
পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ”যে পাইপলাইন ফেটেছে, সেটা ব্রিটিশ আমলের পাইপলাইন। যে পাইপলাইটা নষ্ট হয়েছে, সেটার মেরামতি করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন KMC কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ওই নীচে থেকে টার্নেল করে, একটা আরও পাইপলাইন আমরা ওখানে বসাব।”
সোমবারের পর মঙ্গলবারও এই অংশের রেল পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে পূর্ব রেল। তাই আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে কিছু ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের কথা জানিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার মাঝেরহাট-বারাসত, বারাসত-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে, কিছু ট্রেনের যাত্রাপথ কলকাতা স্টেশনের পথ না ধরে দমদম থেকে শিয়ালদহের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।