কলকাতা: শনিবার রাতেই বিগ বসের ঘর থেকে, কলকাতায় ফিরে এলেন নন্দিনী দত্ত (Nandini Dutta)। নমিনেটেড না থাকা সত্ত্বেও, বিগ বসের ঘর থেকে তিনি যে এভিক্ট হতে পারেন.. এই ধারণা তিনি নিজেও করেননি। তবে প্রতিযোগী রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে সম্পর্কে জড়ানো, অতিরিক্ত ঘনিষ্ঠতা থেকে শুরু করে কথায় কথায় তাঁর গায়ে হাত তোলা.. বারে বারেই কটাক্ষ এবং নিন্দার শিকার হয়েছেন নন্দিনী। আর এবার, রাজবীরের গায়ে হাত তোলার কারণেই বিগ বসের বাড়ির সফর শেষ হল নন্দিনীর।
বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শুনে ভেঙে পড়েছিলেন নন্দিনী
বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শুনে, কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বারে বারে হাতজোড় করে বলেছিলেন, তাঁকে একবার সুযোগ করে দেওয়ার। কিন্তু সঞ্চালক হিসেবে একাবারে কড়া অবস্থান নিতে দেখা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে, বিগ বসের ঘরে একবার সুযোগ দেওয়া হয়েছিল নন্দিনীকে। এভিক্ট হয়ে যাওয়ার পরেও ২ দিন নন্দিনীকে সিক্রেট রুমে রাখা হয়েছিল বিগ বসের তরফ থেকে। ফের তাঁকে বিগ বসের ঘরে ফিরিয়ে আনা হয়েছিল, বিশেষ ক্ষমতা দিয়ে। কিন্তু প্রতিযোগী রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে নন্দিনীর ব্যবহার নিয়েই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই কাল?
বিগ বস বাংলার সফরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নন্দিনী। রাজবীর দে-র সঙ্গে নিজেদের সম্পর্কের কথা গোপন করতে চাননি তাঁরা ২ জনেই। কিন্তু ছোটখাটো কথাতেই,বারে বারেই রাজবীরের গায়ে হাত তুলতেন নন্দিনী। লাইভ স্ট্রিমিং ছাড়াও বিগ বসের মূল এপিসোডগুলিতেও বারে বারে রাজবীর আর নন্দিনীর মধ্যে অশান্তির ছবি ধরা পড়েছে। রাজবীর একাধিকবার নন্দিনীকে বারণও করেছিলেন তাঁর গায়ে হাত না তোলার জন্য। কিন্তু নন্দিনী অপ্রতিরোধ্য… অবশেষে শনিবার, দাদার দরবার-এ সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দেনন, নন্দিনী এই বাড়ির নিয়ম ভেঙেছেন। কোনো অবস্থাতেই কোনও প্রতিযোগীকে আঘাত করা যাবে না.. এটাই বিগ বসের বাড়ির কড়া নিয়ম। কিন্তু সেই নিয়ম বারে বারে ভেঙেছেন নন্দিনী। আর সেই কারণেই, বিগ বসের ঘরে সফর শেষ করতে হল তাঁকে।
এদিন নন্দিনীকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন তাঁর বাবা সন্দীপ দত্ত। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা স্বামী-স্ত্রী, বন্ধুদের মধ্যে হয়েই থাকে। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যপার নয়। নন্দিনী বাড়িতেই ওর ভালবাসার মানুষদের সঙ্গে এইরকম ব্যবহার করে। অনেকবার ওর মায়ের হাত থেকে খাবারের থালা ফেলে দিয়েছে, এত খাবার খাওয়া যায় না বলে। নন্দিনী কী হাউজে আর কারও গায়ে হাত তুলেছে? রাজবীরকে ও ওই ঘরের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করেছিল। তাই হয়তো ওর হাতেই হাত তুলে ফেলেছে..’