কলকাতা: ‘টুকড়ে টুকড়ে’ গ্যাংকে সাফ করে দেওয়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে নির্দেশ দিলেন ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দেওয়ার। বললেন, “ব্লিচিং পাউডার-সহ আরও কী কী লাগবে সব দেব।” (Suvendu Adhikari)
শনিবার মানিকতলায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করলেন শুভেন্দু। জানান, পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদের জয়গান হবে। ৩৪ বছর নাস্তিকদের দেখেছেন সকলে, ১৫ বছর আরও একটি দলকে দেখেছেন রাজ্যবাসী। তাঁদেরও দেখতে পাবেন সকলে। সকলকে ভাল রাখবেন তাঁরা। বিধানচন্দ্র রায় যা কিছু করে গিয়েছিলেন, সব নষ্ট করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। (Suvendu to ABVP)
এদিন যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ‘আরশোলা’, ‘ছারপোকা’, ‘দিমাগী নকশাল’দের সাফ করে দেওয়ার নিদানও দেন শুভেন্দু। সরাসরি RSS-এর ছাত্র সংগঠন ABVP-কে উল্লেখ করে বলেন, “বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের প্রত্যেক রাষ্ট্রবাদী ভাইবোনদের অভিনন্দন যে তারা টুকড়ে টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি, আরশোলা-ছারপোকা, দিমাগী নকশালদের একদম যাদবপুর, প্রেসিডেন্সি পরিষ্কার কাজ করছে। এটা চালিয়ে যেতে হবে। যেটুকু যেখানে যা আগাছা আছে। ব্লিটিং, ফিনাইল যা লাগবে, সরবরাহ করব আমরা। পরিষ্কার করতে হবে।”
আরও পড়ুন: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
এর পর আহিরীটোলায় পুজো উদ্বোধনে গিয়ে কলকাতাবাসীকেও সতর্ক করে শুভেন্দু। বলেন, “একটু সাবধান থাকবেন। চারিদিকে, অলিতে গলিতে আলশোলা, ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে দূরে থাকবেন, ভাল থাকবেন।”
পালাবদলের পর রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ABVP-র সঙ্গে বামপন্থী এবং অন্য ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে সংঘর্ষের সময় বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ‘সারারাত তাণ্ডব হবে’ মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। সেই সময় রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপি-র ছাত্র সংগঠন নয়। কোনও সংগঠনের পতাকা পোড়ানো বিজেপি-র সংস্কৃতি নয়। বিশ্ববিদ্যালয়ের ভিতর কোনও ঘটনা ঘটলে তাতে সরাসরি হস্তক্ষেপ করবে না বিজেপি।”