কলকাতা: জন্মদিনের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রণক্ষেত্র পরিস্থিতি। সকাল হতেই তাঁর বাড়িতে ছুটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে পুলিশের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগ তুললেন তিনি। গভীর রাতে গুন্ডামি চালানো হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। জনবিস্ফোরণ ঘটলে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে হুঁশিয়ারিও দিলেন। (Mamata Banerjee)
শনিবার কালীঘাট থেকে বেরোন মমতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, “সারারাত কাজ করতে দেয়নি পাড়ার ক্লাবে। রাস্তার উপরে যে পুজো হচ্ছে, তা বেআইনি। ওখানে কখনও পুজো হতো না। যাতে আমাদের পুজোয় কে আসতে না পারে। জোরজুলুম চলছে। কত বুলডোজার আছে আপনাদের? আমাদের বুকের উপর চালিয়ে দিন, আমাদের শরীরের উপর চালিয়ে দিন। আমরাও দেখতে চাই। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি। আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেখান।” (TMC News)
কালীঘাট থেকে এর পর সোজা অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা। সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “আমাদের সুরক্ষা, নিরাপত্তা এখন বিপদের মুখে। গুন্ডামি চলছে। রাত ২টোয় এসে…জনগণের সামনে বলছি, রাত ২টোয় লুম্পেন নিয়ে এসে হামলা করছেন কেন? যা করে বেড়াচ্ছে…নতুন একজনকে আনা হয়েছে। আমি সব জানি।”
পুলিশের উদ্দেশে মমতা আরও বলেন, “আমি সব জানি বলাইবাবু। আপনার কী কী ক্ষমতা, আর কত প্রোমোশন আপনি পাবেন। আপনি পান। আপনার পরিবার ভাল থাকুক, সুস্থ থাকুন। আপনাকে কালীপুজোর শুভেচ্ছা। কিন্তু মনে রাখবেন, জনরোষের বিস্ফোরণ ঘটলে কেউ…মেয়েদের বলব, এগিয়ে আসুন। এগিয়ে আসুন বঞ্চিত, লাঞ্ছিতরা। তাঁদের কাছে জোট বাঁধার অনুরোধ থাকবে।”
অভিষেকের বাড়িতে হামলার প্রসঙ্গে মমতা বলেন, “পুলিশকে নিয়ে অত্যাচার চালানো হয়েছে। দলের কাজ চলছিল। বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে।কিডন্যাপ করতে এসেছিল। বেআইনি হচ্ছে।”