কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘরে নন্দিনী দত্ত (Nandini Dutta) বারে বারেই তাঁর একাধিক ব্যবহার নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মানুষ কী বলছেন, কী ভাবছেন.. তা অবশ্য জানতে পারছেন না অভিনেত্রী। তবে কখনও সৃজলা গুহকে (Srijla Guha) ঘোড়া থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে ভালবাসার মানুষ রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে ধাক্কাধাক্কি, চড়.. বারে বারে নিজের ব্যবহারের জন্য হাউজমেটসদেরও বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন নন্দিনী। সদ্যই রাজবীরের সঙ্গে তাঁর ঝগড়া, অশান্তি, মারামারির ঘটনা নিয়ে সমালোচনা কিছু কম হয়নি। কিন্তু রাজবীরের সঙ্গে অশান্তি করে, পস্তাচ্ছেন নন্দিনী? শেষ এপিসোডে তনুশ্রীর সঙ্গে তাঁর কথোপকথনে অন্তত প্রকাশ্যে এল সেই কথাই।
চূড়ান্ত বাকবিতণ্ডা, মারধর! নন্দিনীর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
এদিন তনুশ্রীর সঙ্গে কথা বলতে গিয়ে নন্দিনী বলেন, রাজবীর তাঁকে বলেছেন যে, তিনি আর নন্দিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতে চান না। কারণ নন্দিনী যে রাজবীরের গায়ে হাত তুলেছেন, সেটা ক্যামেরার সামনে। টিভির পর্দায় সেটা সবাই দেখবেন। আর এতে নন্দিনীর ভাবমূর্তি অন্তত রাজবীরের পরিবারের কাছে খারাপ বই ভাল হবে না। নন্দিনী রাজবীরের গায়ে হাত তুলেছে এটা দেখার পরে, রাজবীরের মা কখনোই বধূ হিসেবে নন্দিনীকে মেনে নেবেন না। আর সেই কারণেই তিনি নন্দিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতে চান না। এরপরে নন্দিনীর তনুশ্রীকে বলেন, তিনি রাজবীরকে মারধর করতে চাননি। তিনি মেজাজ হারিয়েছিলেন আর সেই কারণেই হাত পা ছুঁড়েছিলেন তিনি। এতেই রাজবীরের লেগে যায়। তিনি রাজবীরকে মারতে চাননি। তনুশ্রী নন্দিনীকে পরামর্শ দেন, রাজবীরের সঙ্গে সব মিটমাট করে নিতে।
এরপরে সেই কথার মধ্যেই এসে বসেন রাজবীর, তখন নন্দিনী উঠে যান। এরপরে রাজবীর তনুশ্রীকে বলেন, তিনি নন্দিনীর সঙ্গে কথা বলছেন না বটে, কিন্তু ঝগড়া করার পরে নন্দিনীকে আরও সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি এদিন নন্দিনীর রান্নারও প্রশংসা করেন রাজবীর। তনুশ্রী রাজবীরকে বলেন, নন্দিনীরও মনখারাপ রাজবীরের সঙ্গে কথা না বলার কারণে। তনুশ্রী আরও বলেন, রাজবীর যেন নন্দিনীকে ভাল খাবার রান্না করার জন্য ধন্যবাদ জানান। আর এই কথোপকথনই ফের প্রমাণ করে দিল, ঝগড়াটা সাময়িক। রাজবীর আর নন্দিনী রয়েছেন প্রেমেই।