ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, কলকাতা : মৌলালি এবং তালতলার মাঝে একটি বিল্ডিংয়ের দোতলায় আগুন লেগেছে শুক্রবার সন্ধ্যায়। আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া গিয়েছে এই বিল্ডিংয়ে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় তালতলা থানার অফিসাররাও রয়েছেন এলাকায়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও কয়েকটি দমকলের গাড়ি আনা হতে পারে ঘটনাস্থলে। আপাতত তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে। যে এলাকায় আগুন লেগেছে, তার সামনেই রয়েছে একটি রাস্তা, যেখান দিয়ে যথেষ্ট পরিমাণে গাড়ি চলাচল করছে।
ভরসন্ধ্যায় এভাবে হঠাৎ বহুতলে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দমকলবাহিনীর পাশাপাশি প্রচুর পুলিশও রয়েছে ঘটনাস্থলে। আগুনের শিখা দেখে বোঝা যাচ্ছে যে, বেশ বড়সড় ঘটনাই ঘটেছে। কী কারণে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা চালাচ্ছেন দমকলের আধিকারিকরা। চলছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং নেভানোর কাজ। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানে ভিতরে কোনও লোকজন ছিলেন কিনা বা ওই বিল্ডিংয়ের দোতলায় কী ছিল যে সেখানে আগুন লেগে গেল – সব প্রশ্নে উত্তর জানতেই তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা।
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
১৩৩ লেনিন সরণির একটি রেসিডেন্সিয়াল তিনতলা বিল্ডিংয়ে আগুন লেগেছে বলে খবর। এক তলায় বেশ কিছু দোকান রয়েছে। উপরের বাকি অংশে বাসিন্দারা থাকেন বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ এই আগুন লাগে বলে খবর পাওয়া গিয়েছে। যখন আগুন লাগে, তখন ভিতরে কেউ ছিলেন না বলেই আপাতত জানা গিয়েছে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের মোট চারটে ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। আপাতত এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি দমকল কিংবা পুলিশের তরফে।