কলকাতা: ‘বিগ বস বাংলা’-র মঞ্চে সঞ্চালকের নতুন ভুমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) এবং এ নিয়ে এবিপি আনন্দকে দেওয়া তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ক্রিকেটের সবুজ মাঠ থেকে ছোট পর্দার রিয়্যালিটি শো— প্রতিটি ক্ষেত্রে কঠিন পরিস্থিতি অনায়াস দক্ষতায় সামলানোই যাঁর নিজস্ব শৈলী, সেই ‘মহারাজ’ এবার বিগ বসের জটিল গেমপ্ল্যান এবং প্রতিযোগীদের আচরণ বিশ্লেষণ করছেন নিজের অনন্য ভঙ্গিতে। অফ-সাইডে চাবুক কভার ড্রাইভের মতোই তিনি সামলে নিচ্ছেন প্রতিযোগীদের মানসিক টানাপোড়েন ও অন-স্ক্রিন বিতর্ক। EXCLUSIVE কথোপকথনে সৌরভ জানান, বিগ বসের ঘর মানেই নানা চরিত্রের সমাগম এবং তাদের নিজস্ব মানসিকতা ও কৌশলের লড়াই।
প্রশ্ন: বিগ বস বাংলার কোন বিষয়টি আপনার নজর কেড়েছে? আর কোন বিষয়টি একেবারেই ভাল লাগছে না আপনার?
সৌরভ: প্রত্যেক প্রতিযোগী পারফর্ম করছে। আমার সবাইকে বেশ ভাল লেগেছে। প্রত্যেকে কম্পিটিটিভ। ভাল লাগা, খারাপ লাগা এভাবে দেখিনা। এটা পুরোটাই একটা গেম শো। এই খেলার নিয়মই এটা। রিয়াল লাইফ গেম শো। সবার ব্যবহার বিভিন্ন সময়ে পাল্টেছে। কিন্তু তার জন্য আমার খারাপ লাগার কিছু নেই। খেলার নিয়মই এটা।
প্রশ্ন: যাঁরা যাঁরা এখনও শোয়ে আছেন, তাঁদের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে কী বলবেন?
সৌরভ: এভাবে ইতিবাচক ও নেতিবাচক কিছু বলা যায় না। সবাই নিজের মত করে খেলছে। খেলার নিয়ম এটা। প্রত্যেকের আলাদা আলাদা গেমপ্ল্যান রয়েছে। সেভাবেই তাঁরা খেলছে।
প্রশ্ন: সৌরভ দাস ওয়াইল্ড কার্ড হিসেবে এসে খেলায় নিজেকে মেলে ধরেছে, কিন্তু রনিতা পারছেন না। দীপেন্দুর এভিকশন যেভাবে হয়েছিল, সেভাবে রণিতার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন? যাঁরা শুরু থেকে আছেন, তাঁদের প্রতি এটা অন্য়ায় হচ্ছে না?
সৌরভ: প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। তাঁদের স্বভাব, চরিত্র আলাদা হয়। খেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ নিজেকে মেলে ধরে। রণিতা সবে এসেছে। তাঁর খেলাটা ধরার হয়ত একটু সময় লাগছে। সৌরভ দাস টিভির লোক। ও রিয়্য়ালিটি শো অনেক বেশি দেখেছে। তাই হয়ত দ্রুত খেলার মধ্য়ে ঢুকতে পেরেছে। নিরঞ্জনও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নিজেকে। তাই প্রত্যেককে একইরকম ভাবাটা ঠিক না। সময় দিতে হবে।
প্রশ্ন: গত সপ্তাহে যেভাবে জিতু, রাজবীর আপনার সামনে যে আচরণ করেছে, তা একেবারেই কাম্য় নয়। আপনি বা বিগ বসের তরফে জোরালো কোনও প্রতিবাদ কেন দেখা যায় না?
সৌরভ: এটা খেলার নিয়ম। আমাকে সব প্রতিযোগীকে সমানভাবে দেখতে হবে। রোজ বকলে কোনও কাজে দেয় না তা, মাঝে মাঝে বকা দেওয়াটা কাজে দেয়। আমি কোনওকিছু নেতিবাচকভাবে নেইনি। এটা খেলা। মানুষের ইমোশন রয়েছে। প্রত্যেকের কথা বলার ভঙ্গি আলাদা হয়। সেগুলো বুঝতে পারি আমি।
প্রশ্ন: অ্য়াক্টর vs নন অ্য়াক্টর যে গ্রুপিজমের কথা বারবার ওঠে, তা নিয়ে কী বলবেন?
সৌরভ: আমি আলাদা কোনওভাবেই মনে করি না কাউকে। ১০ সপ্তাহ হয়ে গেল এই শোয়ের। আমার নিজের কাছেও চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। এখন ধীরে ধীরে খেলাটার একটা অংশ আমিও হয়ে উঠেছি। কোনও গ্রুপিজম নেই এখানে। সবাই সবার নিজস্ব ভঙ্গিতে খেলাটা খেলছে। আমার সঙ্গে আশা করি দর্শকদেরও খুব ভাল লাগছে বিগ বস বাংলা।