মুম্বই: এবার হুমকি পেলেন বলিউড অভিনেতা তুষার কপূর। লরেন্স বিশ্নোই গ্যাং তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ফোনে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। ফোন করে যে হুমকি দেয়, সে নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয় নিজের। পর পর বলিউড তারকাদের হুমকি, হামলার ঘটনা ঘটেই চলেছে বেশ কিছু দিন ধরে। তুষারের হুমকি পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। (Tusshar Kapoor)

কয়েক দিন আগে হ্যারি বক্সার নামের একজন তুষারকে ফোন করে হুমকি দেয় বলে জানা গিয়েছে। নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে দাবি করে সে। তবে এই ঘটনায় বিশ্নোই গ্যাংয়ের আদৌ কোনও সংযোগ রয়েছে কি না, তা নিয়ে সন্দিহান মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। বিশ্নোই গ্যাংয়ের নাম করে ভয় দেখানো হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। (Bollywood News)

আরও পড়ুন: ‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক

ফোনে হুমকি এসেছে জানিয়ে তুষার খবর দেন পুলিশকে। তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এবং তোলাবাজি দমন শাখা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হুমকি-ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে দেখা হয়। ডেটাবেসে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের যে নমুনা রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হয় হুমকি-ফোনের  অডিও রেকর্ডিং। তবে দু’টি মেলেনি। হ্য়ারি বক্সারের পরিচয় ভাঁড়িয়ে কেউ তুষারকে ফোন করে থাকবে বলে মনে করা হচ্ছে তাই। 

হুমকির বিষয়টি পুলিশকে জানালেও, এখনও পর্যন্ত খাতায়কলমে অভিযোগ দায়ের করেননি তুষার। কোনও এফআইআর দায়ের হয়নি এখনও পর্যন্ত। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফোনে হুমকি দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন

তবে তুষারকে হুমকি দেওয়ার বিষয়টি লঘু করে দেখা হচ্ছে না। কারণ অতি সম্প্রতিই অভিনেতা টাইগার শ্রফের উপর হামলা হয় মুম্বইয়ে। একেবারে কাছ থেকে তাঁকে লক্ষ্য় করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। টাইগার রক্ষা পেলেও, তাঁর গাড়ির চালক গুলিবিদ্ধ হন। আহত হন এক ব্লগারও। তদন্তে নেমে জানা যায়, অভিনেতা এমরান হাশমির উপর হামলার ছক ছিল। তাঁর বাড়ি খুঁজে না পেয়ে টাইগারের উপর হামলা চালানো হয়। এর আগে, সলমন খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো তারকাও হুমকি পান। গুলি চলে সলমনের বাড়ির বাইরে। পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করেও গুলি চলে। তাঁদের নিরাপত্তা বাড়ানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *