কলকাতা: গুঞ্জন ছিলই, অবশেষে সেই খবরে সিলমোহর। পিছিয়ে গেল এসভিএফ (SVF)-এর প্রযোজনায় তৈরি সিনেমা, ‘সাধক বামাক্ষ্যাপা’-র মুক্তি। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কালীপুজো নয়, আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে, সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমা। এই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার।
পিছিয়ে গেল ‘সাধক বামাক্ষ্যাপা’-র মুক্তি
ছবি জুড়ে অতি যত্নে তুলে ধরা হয়েছে, ‘বামা’-র জীবনকে। এই ছবি মুক্তির আদর্শ সময় যে কালীপুজো, সেটা আলাদা করে উল্লেখ করে দিতে হয় না। এই সমস্ত হিসেব নিকেশ করেই, কালীপুজোতে এই সিনেমা মুক্তি পাবে, সেটাই চূড়ান্ত হয়েছিল। শুরু হয়ে গিয়েছিল সিনেমার প্রচারও। তবে হঠাৎই ছন্দপতন। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই সিনেমার মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ নভেম্বর মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থার তরফ থেকে মুক্তি পিছনোর কারণ সেভাবে ব্যাখ্যা না করা হলেও, বিগ বাজেট হিন্দি সিনেমা ‘রামায়ণ’-ই এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
‘রামায়ণ’-এর কারণেই একাধিক ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে বাংলায়?
নভেম্বর মাসেই শুরুতেই মুক্তি পাবে, রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) এবং যশ (Yash) অভিনীত বিগ বাজেট সিনেমা, রাবণ। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। এই ছবি মুক্তি পাওয়ার পরেই যে বাংলার অধিকাংশ প্রেক্ষাগৃহ এবং অধিকাংশ শো দখল করবে, সেই বিষয়ে নির্মাতা এবং হলমালিকেরাও নিশ্চিত। এইরকম বিগ বাজেট ছবির সঙ্গে মুখোমুখি লড়াই চান না বলেই, সম্ভবত ‘সাধক বামাক্ষ্যাপা’-র মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর কারণেই পিছিয়ে যাচ্ছে টলিউডের আরও একটি সিনেমা, ‘দ্য ক্যালকাটা ফাইল্স’। ‘সাধক বামাক্ষ্যাপা’-র নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘রামায়ণ’ এবং ‘সাধক বামাক্ষ্যাপা’- দুটি ছবিকেই যোগ্য সন্মান দিতে চান তাঁরা। আর সেই কারণেই এই ছবির মুক্তি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে ‘বাদশাহি’ দর্শন… মন্নতে এলেন শাহরুখ খান!