কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, কলকাতা: আর্থিক দুর্নীতির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন (Former West Bengal minister Indranil Sen arrested)। এই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেই রাজ্যে পালাবদলের পর ব্য়ান কালচারের অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় (Singer Riddhi Bandyopadhyay)। এদিন ফের মুখ খুললেন তিনি। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর সিঙ্গুরে তার বাগান বাড়ি ‘মোহরের’ সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে মারাত্মক দুর্নীতির অভিযোগ। বুধবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেই রাজ্যে পালাবদলের পর ক্ষোভ উগরে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তৃণমূল জমানা থেকে বহু অভিযোগ করে আসছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্য়ায়। পালাবদলের পর জুন মাসের প্রথম সপ্তাহে শুভেন্দু অধিকারীর কাছেও এক গুচ্ছ অভিযোগ করে এসেছেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘কীসের ভিত্তিতে, কে রবীন্দ্রসদন গাইবে, কে শিশির মঞ্চে গাইবে, সেটা ঠিক হবে। মানে কোনও নেতার স্ত্রী, কোনও নেতার পরিচিত, তারা সব বড় বড় হলে, সঙ্গীতমেলাতে পাবে। আমার যে ঋদ্ধি বন্দ্যোপাধ্য়ায় মিউজিক অ্য়াকাডেমির ছাত্র-ছাত্রীরা যদি কিছুতে আবেদন করত, যখনই জানা যেত যে তারা আমার ছাত্র-ছাত্রী সঙ্গে সঙ্গে তাদের ঘাড়ে কোপ পড়ত। আমি হ্য়াঁ-তে হ্য়াঁ মেলাতে পারিনি। সেটাই রাগের কারণ।’
সঙ্গীতশিল্পীর অভিযোগ, ব্যান করা হয়েছিল তাঁকে। এই বিষয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট অভিযোগ ছিল আমাকে ব্য়ান করা। আমি এই জিনিসটা বহুবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যেতে চেষ্টা করেছি, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। আমি ইয়েসম্য়ান ছিলাম না। যেসব অফিসাররা ইন্দ্রনীল সেনের দলভুক্ত ছিলেন, সেই পুরনো লিস্টটাই কিন্তু তাঁরা চালিয়ে এসেছেন। এবং এখনও সেটাই চলছে। মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়গুলো নিয়েই আমি চিঠি দিয়েছিলাম।’
প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এদিক হুগলির সিঙ্গুরে তার বাগান বাড়ি ‘মোহরের’ সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কোমরে দড়ি পরিয়ে এক ব্য়ক্তিকে ইন্দ্রনীল সেন সাজিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোর পঞ্চায়েতে ইন্দ্রনীল সেনের বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে। বিরাট এলাকাজুড়ে তৈরি এই বাগানবাড়িতে রয়েছে বড় সুইমিং পুলও। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর চন্দননগরে মিষ্টি বিলি করেন বিজেপি কর্মীরা।