কলকাতা : সামনেই কালীপুজো। আগামী ৮ নভেম্বর রবিবার কালীপুজো। এখনই আশপাশ থেকে বাজি ফাটার শব্দ পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। কালীপুজো যত এগিয়ে আসবে বাজি পোড়ানোর ধুম বাড়বে। শব্দবাজির দাপটও বাড়বে। আর তাই নিরাপত্তার খাতিরে আগে থেকেই নির্দেশিকা জারি করল সরকার। বেশ কিছু নিয়ম ঘোষণা করা হয়েছে।
নবান্ন সভাঘর থেকে কী কে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ
“কালীপুজোয় বাজি পোড়ালেও, সাইলেন্স জোনে নীরবতা বজায় রাখতে হবে। স্কুলের সামনে, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে কোনও শব্দবাজি ফাটানো যাবে না। বাজি বাজারে কোনও বেনিয়ম ঘটছে কি না, সেদিকে নজর রাখা হবে”, নবান্ন সভাঘরে ঘোষণা স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষের। এর পাশাপাশি ফানুস ব্যবহারের ক্ষেত্রে আগে থেকে লাইসেন্স নিতে হবে, নির্দেশ ডিজি-র। বিগত কয়েকবছর ধরে কালীপুজোর সময় ফানুস ওড়ানোর চল বেড়েছে। এই প্রসঙ্গে আগাম লাইসেন্স নিতে হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এর পাশাপাশি কালীপুজো এবং ছটের সময় বাজি ফাটানোয় সময়সীমাও বেঁধে দিল রাজ্য সরকার। ”কালীপুজোর সময় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে। অন্যদিকে, ছট পুজোর সময় বাজি ফাটানো যাবে সকাল ৬টা থেকে ৮টার মধ্যে”, জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। এছাড়াও ”বাজি বাজারগুলো যাতে সুরক্ষিত জায়গায় হয়, তা নিশ্চিত করবে পুলিশ-প্রশাসন ও পুরসভা। বাজি বাজারের নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপণ ব্যবস্থা, অ্যাম্বুলেন্স যাতে থাকে, তা নিশ্চিত করা হবে”, বলেছেন স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ।
শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
এবার প্রত্যেকটি থানায় কালী পুজো করার ডাক রাজ্যের মন্ত্রীর
“যেমন বিজয়া সম্মিলনী হচ্ছে তেমনি এবার থানা গুলিতেও কালীপুজো হোক। থানায় একটা কালীমূর্তি থাকা দরকার, প্রতিক্রিয়া রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। “রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে কালীপুজো করে যেত। পুলিশও কার্যত শক্তির উপাসক, চোরও মাথা ঠুকবে পুলিশও মাথা ঠুকবে”, সিউড়িতে পুলিশের বিজয়া সম্মেলনীতে মন্তব্য মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
কলকাতার পুজোর দায়িত্বে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
“চোরবাগানের মতো ঘটনা আর ঘটতে দেব না। কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর নজরদারিতে মন্ত্রীরা। পুজোর পরিকল্পনা থেকে নিরাপত্তা দায়িত্বে রাজ্যের মন্ত্রীরা”, বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতার পুজোর দায়িত্বে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাস্তা বন্ধ করে পুজোয় ‘না’ রাজ্য সরকারের
“মানুষের অসুবিধা করে, রাস্তা নো এন্ট্রি করে প্যান্ডেল নয়। রাস্তায় প্যান্ডেল হলে, গাড়ির জন্য ছাড়তে হবে একটি দিক”, কড়া বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের।