কলকাতা: গাইঘাটায় নাবালিকাকে ‘ধর্ষণ’-খুন, এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের। এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আরজিকরে ধর্ষণ করে খুনের ঘটনায় নিহত মহিলা চিকিৎসকের মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি এনকাউন্টারের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্য মদ বিক্রি বন্ধ হোক বলেও দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা সরকারের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ কামদুনির নির্যাতিতার ভাই।
অভয়ার মা বলেন, যে ঘটনাটা ঘটেছে, মেয়েটাকে খুন করা হয়েছে। আমার মেয়ের মতোই ঘটনা। এনকাউন্টার হয়েছে। ওর মার হয়তো কষ্ট হচ্ছে। কিন্তু ওর মা ছেলেটাকে ভাল মানুষ তৈরি করতে পারেনি। যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। এনকাউন্টার আমি সমর্থন করি।
প্রশ্ন: এনকাউন্টার এর আগেও একটা হয়েছিল, তাহলে কি মানুষের মনে ভয় বাড়বে ?
অভয়ার মা: অবশ্যই। যারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে, তাঁরা একটু হলেও ভয় পাবে। তবে তার আগে হচ্ছে মদ। মাতাল অবস্থায় থেকে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তাই নেশাজাতীয় দ্রব্য একদম তুলে দেওয়া উচিত, আমাদের রাজ্য থেকে। তাহলে এই ঘটনা আরও কমবে।
অন্যদিকে, কামদুনির নির্যাতিতার ভাই বলেছেন, আজকে আমি দেখলাম, গাইঘাটাতে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, আমরা এইরকমই তো চাই। এর আগেও আমরা দেখেছিলাম, বারুইপুরে কীভাবে এনকাউন্টার করে মারা হয়েছে। এবং আজকেও দেখলাম গাইঘাটাতে কীভাবে এনকাউন্টার করে মারা হয়েছে।আমরা তো এইরকমই তো চাই, এই সরকারকেই তো চাই। এটাই হল ঠিকঠাক ওষুধ। তাহলে ধর্ষণটা এবারে বন্ধ হবে।আর আমাদের (কামদুনি মামলা) যে দুটো আসামী এখনও পর্যন্ত জেলের ভিতরে আছে, ওদেরকেও এনকাউন্টার করে মারা হোক। এবং যে চারজন বাইরে ঘুরে বেড়িয়েছে, তাঁদেরকেও এনকাউন্টার করে মারা হোক। ধর্ষণ এবং খুন , এর ওষুধ একটাই এনকাউন্টার। তাহলে ধর্ষণ এবং খুন হওয়া বন্ধ হবে।’